২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত অবমাননা থেকে আসাফউদদৌলার অব্যাহতি

সাবেক সচিব ও বাংলাদেশ টুডে পত্রিকার সাবেক সম্পাদক এম আসাফউদদৌলাকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2010, 09:29 AM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সচিব ও বাংলাদেশ টুডে পত্রিকার সাবেক সম্পাদক এম আসাফউদদৌলাকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ আসাফউদদৌলার লিখিত ক্ষমা প্রার্থনা ও অঙ্গীকারনামার আবেদনে এ রায় দেয়। অঙ্গীকার নামায় আসাফউদদৌলা বলেন, ভবিষ্যতে তিনি এ ধরনের বক্তব্য আর দিবেন না। যদি দেন তবে তা হবে গুরুতর আদালত অবমাননা ও শান্তিযোগ্য অপরাধ। আদালত তার অঙ্গীকারনামা গ্রহণ করে বলেন, "আসাফউদদৌলার সামাজিক মর্যাদা এবং তার বহুমুখী প্রতিভা এবং জেষ্ঠ্য আইনজীবীদের বক্তব্য গ্রহণ করে তাকে ক্ষমা প্রদান করা হলো।" আসাফউদদৌলার পক্ষে অঙ্গীকারনামা আদালতে উপস্থাপন করেন তার আইনজীবী ব্যারিস্টার এবিএম সিদ্দিকুর রহমান। এ সময় আসাফউদদৌলা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন। ১৯ অগাস্ট দিনব্যাপী শুনানি গ্রহণ করে রায় দিতে সোমবার দিন ধার্য করে আদালত। ৯ অগাস্ট আসাফউদদৌলার বিরুদ্ধে আদালত অবমাননার স্বপ্রণোদিত রুল জারি করে হাইকোর্টের এই বেঞ্চ। ৭ অগাস্ট দৈনিক সমকাল পত্রিকায় "আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন আসাফউদদৌলা" শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আদালত অবমাননাকর দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আলী আহমেদ খোকন হাইকোর্টের নজরে আনেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫২০ ঘ.