২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপূর্তের প্রধান প্রকৌশলীকে একই পদে চুক্তিতে নিয়োগ

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. ইয়ামিনকে একই পদে একবছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 05:30 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. ইয়ামিনকে একই পদে একবছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার এ নিয়োগ দেওয়া হয়। এছাড়া প্রশাসনের একজন অতিরিক্ত সচিব, দুইজন যুগ্ম-সচিব ও ১৯ জন উপসচিবের পদে একই দিন রদবদল করা হয়। দেওয়ান মো. ইয়ামিন বর্তমানে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) রয়েছেন। কাজে যোগদানের দিন থেকেই তার এ চুক্তি কার্যকর হবে। একইসঙ্গে তার এলপিআরও বাতিল হবে। সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব ফখরুল ইসলামকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান পদে নিয়োগ ও পদায়ন করা হয়েছে। ওএসডি যুগ্ম-সচিব জালাল আহমেদকে রপ্তানী উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এবং ডা. সৈয়দ ওমর খৈয়ামকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের 'মহিলাদের আইনগত ও সামাজিক ক্ষমতায়ন বিষয়ক প্রকল্পে'র প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে। পিইডিপি প্রকল্পের উপ-পরিচালক নারায়ণ চন্দ্র দাসকে অর্থ বিভাগ, রপ্তানী উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক মহাদেব বিশ্বাসকে শিল্প, বিনিয়োগ বোর্ডের পরিচালক মো. আব্দুল হাকিমকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য শংকর প্রসাদ দেবকে অর্থ বিভাগে, নারায়নগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুর রহমানকে খাদ্য বিভাগে, খাদ্য বিভাগের উপসচিব সিদ্দিকুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ে, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব আলতাব হোসেনকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব ড. আনোয়ার হোসেনকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব্ আবুল মনসুর সোহরাব উদ্দিনকে সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব হাবিবুর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে, তৌফিকুল আরিফকে শিল্প মন্ত্রণালয়ে ও একে ফজলুল হককে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপসচিব পদে পদায়ন করা হয়েছে। ওএসডি উপসচিব মওদুদুর রশিদ সফদার ও সাইদা নাঈমা জাহানকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রোগ্রামে সহায়তার জন্য পিপিপি অফিসে সংযুক্ত করা হয়েছে। ওএসডি উপসচিব আবু তালেবকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে পদায়নের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব আব্দুল করিমকে ওএসডি করে তথ্য কমিশনে ও ওএসডি উপসচিব নাজমুল আহসান মজুমদারকে বিজি প্রেসে সংযুক্ত করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব ফাতিমা বেগমকে ওএসডি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২৩২৩ ঘ.