ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রোজার মাসে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিশ্র"তি দিয়েছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদের নেতৃত্বে ভোগ্যপণ্য ব্যবসায়ীরা বুধবার সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করে এমন অঙ্গীকার করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ এ কথা জানিয়েছেন।
ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে বলেছেন, সংযমের এই মাসে কেউ কোনোরকম কারসাজি করে নিত্যপণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।
আবুল কালাম আজাদ বলেন, "প্রধানমন্ত্রী ভোগ্যপণ্য ব্যবসায়ীদের বলেছেন, আপনারাও এ দেশের নাগরিক। আপনাদেরও দায়িত্ব রয়েছে- যেন রোজার মাসে মুসল্লিদের কোনো রকম কষ্ট না হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএএ/এইচএ/২০৩২ঘ.
bdnews24