২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই শিশুর অস্বাভাবিক মৃত্যু, মা আটক

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় দুই শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 05:46 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

শরীয়তপুর, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় দুই শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে নিরব (৪) ও রজনীর (২) লাশ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়। পুলিশ তাদের মা জাহানারা বেগমকে আটক করেছে। গোসাইরহাট থানার ওসি মো. একরাম আলী মোল্লা সাংবাদিকদের জানান, জাহানারাকে দেখে মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। তিনি হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। এ ব্যাপারে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে ওসি জানান। শিশুদের বাবা ফয়সাল সরদার ও পুলিশ জানায়, গোসাইরহাট বাজারে ব্যবসার কাজ শেষে সোমবার রাতে বাসায় গিয়ে ঘরের দরজা খোলা দেখতে পান ফয়সাল। ঘরে ঢুকে স্ত্রী ও সন্তানদের না পেয়ে বাইরে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুর পাড়ে গিয়ে দেখেন স্ত্রী জাহানারা ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছেন। ছেলে-মেয়ের বিষয়ে জানতে চাইলে তিনি পুকুরের দিকে ইশারা করেন। পরে গভীর রাতে পুকুর থেকে প্রথমে নিরব ও পরে রজনীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, লাশ দুটি ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে গোসাইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। থানা হেফাজতে জাহানারা সাংবাদিকদের বলেন, সোমবার রাত আনুমানিক ১১ টার দিকে দুজন অপরিচিত লোক এসে দরজা খুলতে বলে। দরজা খুলে দিলে তারা নিরব ও রজনীকে নিয়ে পানিতে ফেলে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৩০ ঘ.