২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোক পালনে 'চাঁদাবাজির' অভিযোগ খালেদার

জাতীয় শোক দিবস সামনে রেখে সরকারি দল সাধারণ মানুষের কাছ থেকে 'চাঁদাবাজি' করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 04:06 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শোক দিবস সামনে রেখে সরকারি দল সাধারণ মানুষের কাছ থেকে 'চাঁদাবাজি' করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। মঙ্গলবার রাতে বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান আবদুল খালেকের নেতৃত্বে বেশ কয়েকজনের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। খালেদা জিয়া বলেন, ''শোক পালনে নিজেদের অর্থ খরচ না করে তারা (ক্ষমতাসীন দল ) সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি করছে। সরকারি দলের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে।'' রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে আরো যোগ দেন- বরগুনার অধিবাসী রস্তম আহমেদ, যুব সংহতির সাবেক জেলা সভাপতি আবু হেনা মোস্তফা টিটো ও স্থানীয় নেতা মকবুল আহমেদ মৃধা প্রমুখ। খালেদা নবাগতদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশের অবস্থা ভালো নয়। এক সংকটের মধ্যে দেশের মানুষ জীবন-যাপন করছে। আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য পরিস্থিতিতে মানুষ দিশেহারা। এ অবস্থা থেকে উত্তরণে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ভারতের সঙ্গে সম্পাদিত ঋণ চুক্তির সমালোচনা করে সাবেক এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, সরকার আরেকটি গোলামি চুক্তির মাধ্যমে দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে। এ চুক্তি জনগণের সঙ্গে হয়নি। আওয়ামী লীগের সঙ্গে ভারত চুক্তি করেছে। দেশের মানুষ এই চুক্তি মানে না বলে তিনি দাবি করেন। দক্ষিণাঞ্চলে আইলা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার তেমন কোনো কাজ করেনি দাবি করে বিএনপি চেয়ারপারসন বলেন, আইলা ক্ষতিগ্রস্তদের জন্য বিদেশী অর্থ সাহায্য সরকারি দল লুটেপুটে খেয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ওই অর্থ কোনো কাজে লাগেনি। অনুষ্ঠানে অন্যাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, সহসভাপতি সেলিমা রহমান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৪২ ঘ.