ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের পাঁচদিন পর ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।
মঙ্গলবার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পিয়ারীপুর এলাকার খাল থেকে জুনায়েদ মনির (৩৫) নামের এই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
জুনায়েদ শহরের কান্দিপাড়া এলাকার বাসিন্দা। শহরে তার একটি পোশাক কারখানা রয়েছে।
সদর থানার ওসি হামিদুল ইসলাম সাংবাদিকদের জানান, লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি জানান, এ ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এরা হলেন- শরিফ আহমেদ দুলাল, আবীর আহমেদ রিয়াদ, নাজমূল হক বাবুল ও রিয়াদ হোসেন রক্সি।
গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী খুনের আলামত ও ব্যসায়ীর লাশ উদ্ধার করা হয় বলে ওসি জানান।
নিহতের বড় ভাই নূর মোহাম্মদ মাসুদ জানান, চাঁদা না পেয়ে গত বুধবার রাতে আকরাম নামের একজনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে জুনায়েদকে বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। শুক্রবার সদর থানায় একটি মামলা দায়ের করেন তিনি।
এদিকে জুনায়েদের লাশ উদ্ধারের পর দোষীদের অবিলম্বে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার সকালে এলাকাবাসী ও ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৪ ঘ.
bdnews24