ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৯ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্যদের মধ্যে ৮০ শতাংশ শিক্ষার্থী এ বছর উত্তীর্ণ হয়েছে। গত বছর গড়ে ৩২ দশমিক ৫৯ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছিল।
রোববার এলজিইডি মিলনায়তনে গণসাক্ষরতা অভিযান আয়োজিত 'আমরাও পারি, যদি....' শীর্ষক ২০০৯ সালের এসএসসি পরীক্ষায় অনুত্তীর্ণ কিন্তু এ বছর উত্তীর্ণ শিক্ষার্থীদের এক সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গণসাক্ষরতা অভিযানের উদ্যোগে গতবছরও অনুত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছিলো 'আমরাও পারতাম, কিন্তু....' শীর্ষক সম্মেলন। বিভিন্ন বেসরকারি সংস্থা, অভিভাবক, শিক্ষকদের সহযোগিতায় শিক্ষার্থীরা অকৃতকার্য বিষয়ে উত্তীর্ণ হওয়ার জন্যে নিজেদের প্রস্তুত করে। এরই ধারাবাহিকতায় এ বছরও এ সম্মেলনের আয়োজন করার হয়। এতে ২০১০ সালে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরাও অংশ নেয়। এ সম্মেলনে শিক্ষার্থীদের 'চ্যালেঞ্জড শিক্ষার্থী' হিসেবে উল্লেখ করা হয়েছে।
অনুষ্ঠানের ধারণাপত্রে বলা হয়েছে, ২০০৯ সালে গড়ে ৩২ দশমিক ৫৯ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছিল। এদের মধ্যে শতকরা ৮০ ভাগ শিক্ষার্থী এ বছর উত্তীর্ণ হয়েছে। ২০১০ সালে এসএসসি পরীক্ষায় গড় পাশের হার ৭৮ শতাংশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের চেয়ারপার্সন কাজী রফিকুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষার্থীদের সব বিষয়ে সমান গুরুত্ব দিয়ে পড়ালেখা করার আহ্বান জানান।
তিনি বলেন, ইংরেজি ও অংককে কঠিন ভেবে অন্য বিষয়ে গুরুত্ব না দেওয়ার ফলে শিক্ষার্থীদের ফলাফল ভাল হয় না।
নাহিদ বলেন, ভবিষ্যতে কোনো শিক্ষার্থী অকৃতকার্য হবে না- এটাই এ সরকারের লক্ষ্য। শিক্ষাকে শিক্ষার্থীদের কাছে আরো সহজ করে তোলার জন্য শিক্ষকদের অনুরোধ করেন তিনি।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষানীতি প্রণয়ন কমিটির কো-চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান।
এ সম্মেলনে ৬১ টি জেলার চারশ'র বেশি শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বেসরকারি সংস্থার সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/ডিডি/এইচএ/২৩৪০ঘ.
bdnews24