চাঁদপুর, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে বিদ্যুতের দাবিতে রোববার সকালে সড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ জনতা।
সকাল সাড়ে ৯ টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সদর উপজেলার বাগাদী চৌরাস্তা এলাকায় জনতা সড়ক অবরোধ করে রাখে বলে জানান সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির আহমেদ।
তিনি বলেন, "এলাকাবাসী টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এসময় চাঁদপুর-ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের উভয় দিকে তিন শতাধিক যানবাহন আটকা পড়ে।"
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকার বাসিন্দা মোবারক হোসেন ও মো. ইউসুফ ক্ষোভ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিদিন তাদের এলাকায় কমপক্ষে পাঁচ থেকে সাতবার লোডশেডিং হয়। বিদ্যুৎ এলে মাত্র ১৫/২০ মিনিট থেকেই চলে যায়।"
তারা বলেন, "এতে করে এলাকার ব্যবসায়ী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিদ্যুতের অভাবে এলাকার বিভিন্ন সেচ প্রকল্পের কার্যক্রম ব্যাহত হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১৩৫৬ ঘ.
bdnews24