২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানে চড়ার আগে আমুদের সঙ্গে বৈঠক করে গেলেন প্রণব

মাত্র চারঘন্টার জন্য ঢাকা সফরে এসে ক্ষমতাসীন দলের দৃশ্যত ক্ষমতাহীন তিন নেতার সঙ্গে বৈঠক করেছেন ভারতের ক্ষমতাসীন জোটের প্রভাবশালী নেতা ও অর্থমন্ত্রী প্রণব মুখার্জী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2010, 06:41 PM

Updated : 25 Aug 2022, 05:43 PM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মাত্র চারঘন্টার জন্য ঢাকা সফরে এসে ক্ষমতাসীন দলের দৃশ্যত ক্ষমতাহীন তিন নেতার সঙ্গে বৈঠক করেছেন ভারতের ক্ষমতাসীন জোটের প্রভাবশালী নেতা ও অর্থমন্ত্রী প্রণব মুখার্জী। শনিবার বিকেলে ঢাকা পৌঁছে আলোচিত ঋণচুক্তি স্বাক্ষর অনুষ্ঠান করে রাতেই দেশে ফেরেন প্রণব। এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষ করেই তিনি ভারতীয় দূতাবাসে যান। সেখানেই আওয়ামী লীগের উপদেষ্টা আমির হেসেন আমু, তোফায়েল আহমদ ও সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে ৪৫ মিনিট কথা বলেন প্রণব। আমু ও সুরঞ্জিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে বৈঠকের কথা স্বীকার করলেও আলাপের বিষয়বস্তু নিয়ে মুখ খুলতে রাজি হননি। তোফায়েলের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা সফল হয়নি। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সাবেক সদস্য ও বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য আমু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, "ইন্ডিয়ান হাই-কমিশনে প্রণব বাবুর সাথে কথা হয়েছে।" তিনি এই বৈঠককে 'সৈৗজন্য সাক্ষাৎ' হিসাবে আখ্যায়িত করলেও দাবি করেন, বেশ অনেকক্ষণ তিনি প্রণব মুখার্জির সঙ্গে কথা বলেছেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের আরেক সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "প্রণব মুখার্জির সঙ্গে হাই-কমিশনে দেখা হয়েছে।" তিনিও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/২৩৫৯ ঘ