ব্রাক্ষণবাড়িয়া, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষের কারণে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় পুলিশ পাহারায় ট্রেন চলাচল শুরু হয়।
একটি ফুটবল খেলার মাঠ দখলকে কেন্দ্র করে সকাল ৭টার দিকে সদর উপজেলার পাঘাচাং এলাকায় দুটি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয় বলে পুলিশ জানিয়েছে।
দুপুর ১টা পর্যন্ত থেমে থেমে চলা সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়। এ সময় কয়েকটি দোকানও ভাংচুর হয়।
ওই সময় ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত, ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস, চট্টগ্রামগামী মহানগর ও নোয়াখালীগামী উপকূলসহ আরও কয়েকটি ট্রেন আটকা পড়ে।
পাঘাচাং ও চান্দপুর গ্রামের মাঝামাঝি ওই খেলার মাঠ দখল নিয়ে বুধবারও দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে।
সদর থানার ওসি হামিদুল ইসলাম দুপুর দেড়টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই গ্রামের কয়েক হাজার বাসিন্দার মধ্যে পাঘাচং রেলস্টেশন ও এর আশপাশের এলাকায় দুপুর ১টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ হয়।
পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। ট্রেন চলাচল শুরু হয়েছে।
তিনি বলেন, সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় চান্দপুর বাজারের ৩০টি দোকান ভাংচুর হয়। দুপুর আড়াইটা পর্যন্ত থেমে থেমে সংঘাত চলছিলো।
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সঞ্চয় সরকার বলেন, সংঘর্ষ থামাতে শতাধিক ফাঁকা গুলি ছোড়া হয়। নিক্ষেপ করা হয় কাঁদানে গ্যাসের ২০০ রাউন্ড সেল। সংঘাতের ঘটনায় এ পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে।
তিনি জানান, চান্দপুর তমিজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কোন গ্রামের ছেলেরা ফুটবল খেলবে তা নিয়ে গত কয়েকদিন ধরে চান্দপুর ও পাঘাচং গ্রামের ছেলেদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/এমএসবি/১৬২০ ঘ.
bdnews24