ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের কার্যালয়ে দাপ্তরিক কাজ করবেন।
তিনি এদিন সকাল ১১টা থেকে কার্যালয়ে বসবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আফরাজুর রহমান।
এই মন্ত্রণালয়ে উপদেষ্টা ও প্রতিমন্ত্রী থাকলেও মন্ত্রীর দায়িত্ব প্রধানমন্ত্রী হাতেই রয়েছে।
আসন্ন রমজানে বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলাসহ এ খাতের সার্বিক অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রী এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের দ্রুত উন্নয়নে সরকারের করণীয় নিয়ে আলোচনা ও কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনাও দিতে পারেন প্রধানমন্ত্রী।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী কয়লা নীতির খসড়া এবং গভীর সমূদ্রে তেল ও গ্যাস অনুসন্ধানসহ বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের কাছে সর্বশেষ তথ্য জানবেন।
এছাড়া তার সামনে গ্যাস ক্ষেত্রগুলোর সর্বশেষ অবস্থা, বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় পুনর্বাসন কাজের অগ্রগতি ও কয়লা তোলার জন্য সম্ভাব্য পদক্ষেপ এবং দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি তেল সরবরাহ করতে পেট্রোলিয়াম করপোরশেনের (বিপিসি) তেল কেনার ভর্তুকির বিষয় উপস্থাপন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/২০২০ ঘ.
bdnews24