চাঁপাইনবাবগঞ্জ, আগষ্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ শহরের রেল ষ্টেশন সংলগ্ন প্রান্তিকপাড়া মহল্লায় সোমবার রাতে চারশ' গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
তার নাম মফিজুর রহমান টিটু (৪০)। সে প্রান্তিকপাড়া মহল্লার মৃত হাফিজ উদ্দীনের ছেলে।
গ্রেপ্তারের পর তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮টার দিকে শহরের প্রান্তিকপাড়ায় মফিজুর রহমানের বাড়িতে অভিযান চালায় র্যাবের একটি দল। এসময় তাকে গ্রেপ্তার করে তার কাছ থেকে চারশ' গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
তিনি জানান, সোমবার রাতেই মফিজুরকে সদর থানায় হস্তান্তর করে র্যাব। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় মফিজুরকে 'মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়' বলে উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৩৪৯ ঘ.
bdnews24