মানিকগঞ্জ, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চরাঞ্চলে সর্বহারা নামধারী দুর্বৃত্ত ও ডাকাত দমনে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
তিনি বলেন, "এর জন্য পুলিশের নৌযান, ক্যাম্প ও জনবল বাড়ানো হবে।"
মঙ্গলবার বিকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
গত মঙ্গলবার পাবনার বেড়া উপজেলার চরাঞ্চলে অস্ত্রধারীরা পুলিশের তিন সদস্যকে গুলি করে হত্যা করে।
পুলিশ জানিয়েছে, চরমপন্থী সর্বহারা পার্টির অস্ত্রধারীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
ঘটনার পরদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পাবনায় চিরুনি অভিযানের নির্দেশ দেন।
মানিকগঞ্জে স্বরাষ্ট প্রতিমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় সরকার দেশের প্রতিটি থানায় জনবল বৃদ্ধি, দুটি করে পিকআপ ভ্যান ও চারটি করে মোটরযান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি অভিযোগ করেন, বিগত জোট সরকার পুলিশ প্রশাসনকে তাদের স্বার্থে ব্যবহার করেছে। তাদের সময়ে দেশে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছিলো। তবে সেসব কথা ভুলে আইন-শৃঙ্খলা ও জনগণের জানমাল রক্ষায় পুলিশ প্রশাসনকে কাজ করে যেতে হবে।
স্বরাষ্ট প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার কাজে বাধা দানে বিএনপি হরতালের নামে দেশে অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিলো। কিন্তু জনগণ তা প্রত্যাখান করেছে। এখন যুদ্ধাপরাধীদের বিচার কাজ বন্ধে তারা প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে যাচ্ছে।
মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন- স্থানীয় সাংসদ জাহিদ মালেক স্বপন ও এ বি এম আনোয়ারুল হক, পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মাসুদ করিম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সহ-সভাপতি আবুল কাশেম, সিভিল সার্জন সিদ্ধেশ্বরী মজুমদার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৭ ঘ.
bdnews24