ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও এলাকায় সোমবার সকালে কনিকা বেগম (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাতে কোনো এক সময় তার স্বামী আলী হোসেন তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
ঘটনার পর থেকেই আলী হোসেন পলাতক। আলী হোসেনের বাড়ি কামরাঙ্গীরচরে।
খিলগাঁও থানার ওসি মো. নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ২১ পূর্ব গোড়ানের বাসা থেকে কনিকার লাশ উদ্ধার করা হয়। চলতি মাসের ১ তারিখে স্ত্রী এবং ১৪ মাসের মেয়ে আদরকে নিয়ে এই ভাড়া বাসায় ওঠেন হোসেন।
ওসি জানান, হোসেন প্রায় দুই বছর সৌদি আরবে থাকার পর তিন মাস আগে দেশে আসেন।
সোমবার ভোরে হোসেন মেয়ে আদরকে নিয়ে শ্বশুড়ের বাসায় যান এবং কনিকা ঘুমাচ্ছে বলে শাশুড়ি নাসিমা বেগমের কাছে আদরকে রেখে সাতশ' টাকা নিয়ে দ্রুত বের হয়ে যান।
সকাল সাড়ে ১০ টার দিকে আদরকে নিয়ে কনিকার বাসায় আসে তার ছোট বোন। বাইরে থেকে তালা দেখে তার সন্দেহ হয়।
অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় আশপাশের লোকজন আসে। তারা ঘরের জানালা দিয়ে ভেতরে উঁকি দিয়ে মেঝেতে কনিকার লাশ দেখতে পায়। পরে পুলিশ এসে দরজা ভেঙ্গে কনিকার লাশ উদ্ধার করে।
কনিকার গলায় দাগ রয়েছে বলে পুলিশ জানায়।
প্রতিবেশীরা রোববার রাত সাড়ে ১২টা পর্যন্ত কনিকাকে জেগে থাকতে দেখেন বলে ওসি জানান।
আলী হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি নাজিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমইউএস/কেএমএস/১৭৪২ ঘ.
bdnews24