ঢাকা, জুলাই ২৪(বিডি নিউজ টোয়েন্টি ফোর ডটকম)- বিজ্ঞাপণ শিল্পী তিন্নি হত্যা মামলায় সাবেক সাংসদ গোলাম ফারুক অভির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর আগামী ১৬ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান গত ১৪ জুলাই অভিযুক্তকে পলাতক দেখিয়ে মামলায় অভিযোগ গঠন করেন এবং ১৬ আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন।
২০০২ সালের ১০ নভেম্বর সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি (২৪) খুন হন। বুড়িগঙ্গার চীন-মৈত্রী সেতুর নীচে তার লাশ পাওয়া যায়।
একই বছরের ১১ নভেম্বর কেরানীগঞ্জ থানা পুলিশ হত্যার ঘটনায় অজ্ঞাতনা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে।
২০০৮ সালের ৮ নভেম্বর সাবেক ছাত্রনেতা ও সাংসদ গোলাম ফারুক অভির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
মামলাটির অভিযোগের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়ায় আইন অনুযায়ী অভির পক্ষে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রীয় খরচে একজন আইনজীবী নিযুক্ত করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. রুহুল আমিন।
গত ১৪ মার্চ তৎকালীন ঢাকার জেলা ও দায়রা জজ কৃষ্ণা দেবনাথ অভিযুক্ত অভির উপস্থিতির দিন ধার্য করেন। কিন্তু তিনি উপস্থিত না থাকায় তার অনুপস্থিতিতে মামলা আমলে নেওয়ার শুনানি গ্রহণ করেন।
এরপর অভিযোগ গঠন ও বিচারের জন্য ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলার নথিপত্র পাঠিয়ে দেন বলে ওই আদালতের সেরেস্তাদার কমল কুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
মামলার নথি থেকে জানা যায়, গোলাম ফারুক অভি অনৈতিক সম্পর্ক চাপা দিতে গিয়ে তিন্নিকে খুন করেন।
কেরানীগঞ্জ থানার মামলায় শুধু অভির বিরুদ্ধে ২০০৮ সালের ৮ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তৎকালীন সহকারী কমিশনার মোজাম্মেল হক।
এ মামলায় তিন্নির দুই গৃহকর্মীর ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, অভি এখন কানাডায় রয়েছেন। '৯২ সালে রমনা থানায় দায়ের করা একটি অস্ত্র মামলার ১৭ বছর সশ্রম কারাদণ্ডের রায়ের পর হাইকোর্ট থেকে জামিন নিয়ে তিনি দেশ থেকে পালিয়ে যান।
অভিযোগপত্রে আরো বলা হয়, অভি তিন্নিকে হত্যার আগে তার স্বামী পিয়ালের সঙ্গে দাম্পত্য সম্পর্কের অবসান ঘটিয়ে তাকে ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। কিন্তু সামাজিকভাবে প্রতিষ্ঠিত 'দুর্ধর্ষ' অভি তাকে কখনোই স্ত্রীর মর্যাদা দেননি। বরং বিয়ের জন্য অভিকে চাপ দিলে পরিকল্পিতভাবে তিন্নিকে খুন করে লাশ চীন-মৈত্রী সেতুর নিচে ফেলে রাখা হয়।
মামলায় রাষ্ট্রপক্ষে ৪১ জনকে সাক্ষী করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/১৯১৭ ঘ.
bdnews24