ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তীর নায়ক উত্তম কুমারের ৩০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার আয়োজন করেছে উত্তম কুমার চলচ্চিত্র উৎসব।
শুক্রবার বিকালে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে তিন দিনের এই উৎসব উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ।
উৎসবে উত্তম কুমার অভিনীত নায়ক, হারানো সুর, সপ্তপদী, ধন্যি মেয়ে, চৌরঙ্গীসহ মোট আটটি চলচিত্র প্রদর্শিত হবে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, উত্তম কুমার এপার-ওপার দুই বাংলায়ই সমান জনপ্রিয় ছিলেন। তার অভিনয় শৈলী দুই বাংলার মধ্যে একটি সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রজিত মিত্র, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক অংকন ব্যানার্জী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/ডিডি/এইচএ/০০৩১ ঘ.
bdnews24