২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় আইলা দুর্গতদের মাঝে প্রধানমন্ত্রী

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আইলা দুর্গতদের গৃহ নির্মাণ অনুদান প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2010, 07:46 AM

Updated : 25 Aug 2022, 04:30 PM

সাতক্ষীরা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আইলা দুর্গতদের গৃহ নির্মাণ অনুদান প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর নকিপুর এইচ সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় শ্যামনগরের আইলা দুর্গতদের মধ্যে ২০টি পরিবারের প্রত্যেকটিকে ২০ হাজার টাকার চেক এবং একটি করে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়। এরপর বেলা সাড়ে ১১টায় একই স্থানে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন প্রধানমন্ত্রী। সভায় তিনি বলেন, সরকার সবসময় উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে। ক্ষতিগ্রস্তদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। ২০০৯ সালের ২৫ মে উপকূলীয় এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা। এতে সাতক্ষীরার শ্যামনগর, খুলনার কয়রাসহ উপকূলীয় এলাকায় প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি সকাল সাড়ে ১০টার দিকে শ্যামনগর নকিপুর হরিচরণ উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করে। মতবিনিময় সভা শেষে একই কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে দুপুর পৌনে ২টার দিকে খুলনার কয়রা উপজেলার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে খুলনায়ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ সফর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব মো. মোখলেছুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদ মাঠে পৌঁছাবেন। দুপুর ৩টা ২৫ মিনিটে সেখানে তিনি গৃহ নির্মাণ অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে কয়রা ত্যাগ করবেন। খুলনা জেলা প্রশাসক জমসের আহাম্মদ খন্দকার জানান, প্রধানমন্ত্রীর সফরের সব প্রস্তুতি শেষ হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিএইচ/এজে/১৩৪০ ঘ.