খাগড়াছড়ি, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার এক ইউনিয়ন পরিষদ সদস্য মঙ্গলবার অপহৃত হয়েছেন।
অপহৃত চাইথোয়াই প্র" চৌধুরী লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়ি ৩নং ইউনিয়ন পরিষদের সদস্য ও বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সহসভাপতি।
অপহরণকারীরা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য বলে সন্দেহ করছে পুলিশ।
স্থানীয় সাংবাদিকরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বর্মাছড়ি এলাকা থেকে চাইথোয়াইকে অপহরণ করে একটি সশস্ত্র দল। ৭-৮ জনের দলটি অপহরণের পরে চাইথোয়াইকে গভীর জঙ্গলের ভিতরে নিয়ে যায়।
লক্ষীছড়ি উপজেলা থানার ওসি রেজাউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহরণের ঘটনাটি আমরা নিশ্চিত হয়েছি। ঘটনাস্থল লক্ষীছড়ি থানা থেকে ২০ কিলোমিটার দূরে এবং বেশ দুর্গম এলাকা।
পুলিশ কর্মকর্তা বলেন, এলাকাটি ইউপিডিএফ অধ্যুষিত। তাই ধারণা করা হচ্ছে এ অপহরণ করেছে ইউপিডিএফ।
অপহৃতকে উদ্ধারের জন্য সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা শাখার প্রচার ও প্রকাশনা বিভাগের দায়িত্বে থাকা রিকো চাকমা বলেন, ঘটনাটি আমরা শুনেছি। তবে এ ঘটনায় ইউপিডিএফ জড়িত নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এইচএ/১৩২৭ ঘ.
bdnews24