২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় তিন পুলিশসহ চারজনকে হত্যা

পাবনার বেড়া উপজেলায় গুলি করে তিন পুলিশসহ চারজনকে হত্যা করেছে চরমপন্থীরা।(আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 04:33 PM

Updated : 25 Aug 2022, 04:11 PM

পাবনা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার বেড়া উপজেলায় গুলি করে তিন পুলিশসহ চারজনকে হত্যা করেছে চরমপন্থীরা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পাবনা শহর থেকে ১১০ কিলোমিটার দূরে বেড়া উপজেলার দুর্গম ঢালারচরের রাজধরদিয়াচরে এ ঘটনা ঘটে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। নিহতরা হলেন- পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কফিল উদ্দিন (৪৪), নায়েক আব্দুল ওয়াহেদ (২৬), কনস্টেবল শফিক আহমেদ (৩০) ও পুলিশের সোর্স জামি। রাজশাহী পুলিশ রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোখলেসুর রহমান চারজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেঁচে আসা পুলিশ কনস্টেবল রশিদ তাদের এই খবর দিয়েছেন। ডিআইজি বলেন, হামলার সময় পুলিশ সদস্যরা সাদা পোশাকে ছিলেন। তাদের সঙ্গে অস্ত্র ছিলো না বলেও তিনি দাবি করেন। পাবনার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এ রকম ঘটনা শুনেছি। এখন ঘটনাস্থলে যাচ্ছি।" বেড়া সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট খালিদ হোসেন তিন পুলিশ হত্যার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাতে পারেননি। স্থানীয় সাংবাদিকরা জানান, চরমপন্থীরা বৈঠক করছে-এমন খবর পেয়ে বেড়া থানাধীন আমিনপুর পুলিশ ফাঁড়ির এক দল পুলিশ ট্রলারে করে ঘটনাস্থলে যায়। তারা ট্রলার থেকে নামার সঙ্গে সঙ্গে চরমপন্থীরা গুলি শুরু করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৩৪ ঘ.