চট্টগ্রাম, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর এলাকা থেকে ১৫ সহযোগীসহ 'ভূমিদস্যু' ইয়াকুব আলীকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার ভোর ৪টায় শুরু করে সকাল পর্যন্ত ছলিমপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ১৬ জন হলেন- ইয়াকুব আলী (৪৯), মো. রাজু (২০), আমান উল্লাহ আমান (১৭), সজল মাহমুদ (২২), লিয়াকত আলী (২৩), মো. রাজু (১৮), মো. সেলিম (১৯), জাহাঙ্গীর আলম (৩০), মো. রুবেল (১৮), মো. সাদ্দাম (১৪), মো. সাজু (১৮), মো. রাশেদ (২২), মো. রুবেল (১৭), মো. বাবুল (২৫), মোছাম্মত জুলেখা বেগম (৩০) ও আমেনা বেগম (৪০)।
উদ্ধার করা হয়েছে- ১৩টি এলজি, একটি বিদেশি পিস্তল, তিনটি এসবিবিএল, দুই রাউন্ড পিস্তলের গুলি, ২৪ রাউন্ড তাজা কার্তুজ, কার্তুজের খোসা দুইটি, বন্দুকের গুলি ৯ রাউন্ড, ১৪টি রকেট সিগন্যাল প্লেয়ার, পাঁচটি রাম দা, চারটি দা, সাতটি চাকু, একটি চাইনিজ কুড়াল, দুইটি হকি স্টিক, একটি টর্চ লাইটসহ আরো কিছু সরঞ্জাম।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ক্যাপ্টেন তামজিদ আবদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর এলাকার প্রায় দুই হাজার একর সরকারি খাস জমি ছিন্নমূল বস্তিবাসী সমিতির নামে কিছু ব্যক্তি অবৈধভাবে দখল করে সন্ত্রাসসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে।
তিনি জানান, সরকারি খাস জমি উদ্ধার ও অবৈধ বসতি উচ্ছেদে স্থানীয় ইয়াকুব বাহিনীর প্রধান কথিত ভূমিদস্যু ইয়াকুব আলী ও তার সহযোগী ১৫ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
ইয়াকুব গত ২৩ মে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ভূমিদস্যু আলী আক্কাসের প্রধান সহযোগী। আক্কাসের মৃত্যুর পর ইয়াকুব ওই বাহিনীর কর্তৃত্ব গ্রহণ করে।
ইয়াকুব আলীর বিরুদ্ধে সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ মোট ছয়টি মামলা রয়েছে বলে র্যাব কর্মকর্তা জানান।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এইচএ/২১২৮ ঘ.
bdnews24