২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অস্ত্রসহ ৬ ডাকাত আটক

ঢাকার সাভারে আন্তজেলা বাস ডাকাত দলের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 12:17 PM

Updated : 25 Aug 2022, 04:13 PM

সাভার, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভারে আন্তজেলা বাস ডাকাত দলের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে দেশি অস্ত্র, লুণ্ঠিত মাল ও টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের তেতুঁলঝোড়া ও আশপাশের কয়েকটি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে র‌্যাব জানিয়েছে। আটককৃতরা হলেন- ইকবাল হোসেন বাবু (৩০), দেলোয়ার হোসেন (২০), মো. রাসেল (১৭), কামরুজ্জামান রাজু (২২), আহসানুল ইসলাম ওরফে শাকিল (২০) ও মো. ফরহাদ ওরফে আকাশ (২৩)। র‌্যাব-৪ সাভার ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রান লিডার শাহ মিজান-উল-হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে টঙ্গী বাসস্ট্যান্ড থেকে যাত্রীবাহী একটি বাস সাভার আসার পথে আটককৃতরা যাত্রীবেশে বাসে ওঠে। পরে অস্ত্রের মুখে বাসটি নিয়ন্ত্রণে নিয়ে ডাকাতি করে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের তেতুঁলঝোড়ায় নেমে যায় দুর্বৃত্তরা। তেতুঁলঝোড়ায় টহলরত র‌্যাব সদস্যরা বিষয়টি আঁচ করতে পেরে ঘটনাস্থল থেকে বাবু, দেলোয়ার ও রাসেলকে আটক করতে পারলেও বাকি তিনজন পালিয়ে যায়। এ সময় র‌্যাব তাদের হেফাজত থেকে দুটি দা, একটি ছোরা, লুণ্ঠিত ২৫৯০ টাকা ও তিনটি মোবাইল ফোন সেট উদ্ধার করে । র‌্যাবের অপর একটি দল হেমায়েতপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজু শাকিল ও আকাশকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৪১ হাজার টাকা, দুটি চাপাতি, ১২টি মোবাইল ফোন সেট ও একটি ঘড়ি উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৮০৫ ঘ.