ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরাকের সুলায়মানিয়ায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি হারুনুর রশীদের লাশ দেশে ফিরিয়ে আনা সম্ভব নাও হতে পারে।
তাকে হয়তো সুলায়মানিয়াতেই দাফন করা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তবে ইরাকে বাংলাদেশ দুতাবাস হারুনুর রশীদের পরিবারের পক্ষে ক্ষতিপূরণ আদায়ে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বলে জানান তিনি।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সাইদা মুনা তাসনীম হারুনুর রশীদের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, স্থানীয় বাংলাদেশিরা তার মৃত্যুর খবর ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহম্মদ কামাল উদ্দীনকে জানিয়েছেন।
হারুনুর রশিদের বাড়ি গাজীপুরের টঙ্গীতে। তবে তার বাবার নাম ও পাসপোর্ট এখনো উদ্ধার করা যায়নি।
ইরাকের নাজুক নিরাপত্তা পরিস্থিতির কারণে রাষ্ট্রদুত বা বাংলাদেশ দুতাবাসের কোনো কর্মকর্তা-কর্মচারী সুলায়মানিয়ায় যেতে পারছেন না। এমনকি সেখানে টেলিফোন যোগাযোগ ব্যবস্থাও নিয়ন্ত্রিত।
হারুনুর রশীদের লাশ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে প্রতিবন্ধকতা হলো- বাংলাদেশের সঙ্গে ইরাক সরকারের মরদেহ প্রেরণের কোনো চুক্তি নেই বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন মহাপরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি আরো বলেন, সোমা হোটেলে আরো ছয় বাংলাদেশি কাজ করতেন। তাদের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
হারুনুর রশিদের বিস্তারিত পরিচয় উদ্ধার না করতে পারার কারণ সম্পর্কে তিনি বলেন, ঘটনাস্থল বাগদাদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে। সেখানে নিরাপত্তার কড়াকড়ি থাকায় বাগদাদে বাংলাদেশ দূতাবাসের কেউ পৌঁছাতে পারছে না। মোবাইল ফোনের নেটওয়ার্কেও সীমাবদ্ধতা রয়েছে সেখানে।
রয়টার্স জানিয়েছে, শুক্রবার ভোররাতে ইরাকের উত্তরাঞ্চলীয় সুলায়মানিয়া শহরে সোমা হোটেলের ওই অগ্নিকাণ্ডে বাংলাদেশীসহ ৩০ জন নিহত এবং কমপক্ষে ২২ জন আহত হয়। নিহত বাংলাদেশীরা হোটেলের কর্মচারী। তাদের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
পাঁচতলা হোটেলটিতে শেষরাতে লাগা ওই আগুন বেশ কয়েকঘণ্টা নিয়ন্ত্রণের বাইরে ছিলো। এ সময় অনেকেই বাঁচার জন্য চারতলা থেকে লাফিয়ে পড়েন।
স্থানীয় নিরাপত্তা কর্মকর্তরা জানিয়েছেন, এটি কোনো সন্ত্রাসী ঘটনা নয়। সম্ভবত বৈদ্যুতিক ত্র"টিজনিত কোনো কারণে এটি ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/এজে/জেবি/এইচএ ২১০০ঘ.
bdnews24