২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রমজানে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা'

রমজানের সময় সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ব্যবসায়ীদের হুঁশিয়ার করে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 12:35 PM

Updated : 25 Aug 2022, 02:03 PM

গোপালগঞ্জ, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রমজানের সময় সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ব্যবসায়ীদের হুঁশিয়ার করে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। শনিবার দুপুরে কাশিয়ানী উপজেলা কৃষকলীগ আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য না বাড়ানোর জন্য তিনি ব্যবসায়ীদের অনুরোধ করেন। মন্ত্রী দাবি করেন, এই মুহূর্তে দেশে ব্যবসায়ীদের কোনো সিন্ডিকেট নেই। গত রমজানে একটি সিন্ডিকেট চিনির দাম বাড়িয়েছিলো। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিলো। তিনি আরো দাবি করেন, মহাজোট সরকারের গত ১৮ মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে। ২/১টি পণ্যের দাম বেড়েছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এসব পণ্যের দাম কমিয়ে আনা হবে। ফারুক খান বলেন, রমজান সামনে রেখে ছোলা, খেজুর, ভোজ্যতেল, ডাল আমদানি করে মজুদ গড়ে তোলা হয়েছে। টিসিবিকে কার্যকর করা হয়েছে। জেলা-উপজেলা পর্যায়ে টিসিবির ১ হাজার ৮শ' ডিলারের মাধ্যমে ন্যায্য মূল্যে এসব পণ্য বিক্রি করা হবে। তাই রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধির যৌক্তিক কোন কারণ নেই বলে তিনি মনে করেন। কাশিয়ানী কৃষকলীগের সভাপতি ওবায়দুর রহমান আবেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি মোহাম্মদ আলী খান আবু মিয়া, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা শরীফ আশরাফ আলী প্রমুখ। মন্ত্রী উপজেলা কমপ্লেক্স চত্বরে কৃষি বিভাগ আয়োজিত তিন দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন। উপজেলা কমপ্লেক্স পুকুরে তিনি মাছের পোনা অবমুক্ত করেন। এর আগে মন্ত্রী কাশিয়ানী উপজেলা পরিষদ মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া গোপালগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে মন্ত্রী মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার দুঃস্থ ও অসহায় ৩০ নারীর মধ্যে একটি করে গাভী বিতরণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৫ ঘ.