ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী থেকে ২০ বছরের বেশি পুরনো বাস ও মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরনো ট্রাক-ভ্যান তুলে দিতে বৃহস্পতিবার বিশেষ অভিযান শুরু হয়েছে।
একজন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রতিনিধি এবং পুলিশের সমন্বয়ে রাজধানীর ১৫টি পয়েন্টে বেলা প্রায় ১২টার দিকে একযোগে এ অভিযান শুরু হয়।
প্রবেশ ও বহির্গমন পথগুলো ছাড়াও রাজধানীর বিভিন্ন পয়েন্টে অভিযানের অংশ হিসাবে ভ্রাম্যমাণ আদালত বসে।
শাহবাগ মোড়ে অভিযান পরিদর্শনকালে পুলিশ কমিশনার শহিদুল হক সাংবাদিকদের বলেন, "আগে ঘোষণা হওয়ায় হয়তো কেউ পুরনো গাড়ি বের করেনি। এটাও আইনের প্রতি পুরনো গাড়ির মালিকদের এক ধরনের শ্রদ্ধা।"
তিনি জানান, তেজগাঁও এলাকায় একটি নতুন ডাম্পিং স্টেশন করা হয়েছে। পুরনো গাড়ি আটক করে সেখানে রাখা হবে।
গত ২৪ জুন সরকার রাজধানী থেকে ২০ বছরের বেশি পুরনো বাস ও মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরনো ট্রাক-ভ্যান তুলে দিতে ঢাকার বিভিন্ন প্রবেশ ও বহির্গমন পথসহ বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ঘোষণা দেয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ঢাকা মহানগরীতে চার ক্যাটাগরির প্রায় ১৩ হাজার ৭৭৮টি পুরনো যানবাহন রয়েছে। এসব বাস ও ট্রাক তুলে দেওয়া অত্যন্ত জরুরি।
এর মধ্যে ২৫ বছরের বেশি পুরনো আট হাজার ১২৫টি ট্রাক ও এক হাজার ৮৪২টি ভ্যান রয়েছে। ২০ বছরের বেশি পুরনো রয়েছে এক হাজার ৪৪৬টি বড় বাস এবং দুই হাজার ৩৬৫টি মিনিবাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এইচএ/১৮৪১ ঘ.
bdnews24