ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার উত্তীর্ণের হার ৭৪ দশমিক ২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৮ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফলের কপি হস্তান্তর করেন। এ সময়ে শিক্ষা সচিবসহ বোর্ডের প্রধানরা উপস্থিত ছিলেন।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় গত বছর উত্তীর্ণের হার ছিলো ৭০ দশমিক ৭৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলো ১৮ হাজার ২২২ জন।
দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ২০১০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিস্তারিত দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।
ফলাফল প্রকাশ উপলক্ষে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটে কথা বলেন। সিলেট সরকারি মহিলা কলেজে এ কনফারেন্সের আয়োজন করা হয়।
শিক্ষা বোর্ড থেকে ই- মেইল করেও অনেক কলেজে ফল পাঠানো হবে। শিক্ষার্থীরা পরীক্ষার ফল মোবাইল ফোনে এসএমএস করে ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকেও জানতে পারবে।
দেশের আটটি সাধারণ বোর্ড ও মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে ফল পেতে www.educationboardresult.gov.bd এ লগ ইন করতে হবে। http://result.bted.gov.bd ঠিকানায় পাওয়া যাবে কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল। আর এসএমএস এর মাধ্যমে ফল পেতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
গত ১ এপ্রিল শুরু হয়েছিলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। মোট পরীক্ষার্থী ছিলো ৭ লাখ ৩৬ হাজার ৩৭৩ জন। এর মধ্যে ৪ লাখ ৪৬৪ জন ছাত্র এবং ৩ লাখ ৩৫ হাজার ৯০৯ জন ছাত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরবি/এসএম/এজে/১১৩৭ ঘ.
bdnews24