২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফজতে মৃত্যু: ৩ পুলিশ কারাগারে

হেফাজতে আসামির মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গাইবান্ধায় তিন পুলিশকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2010, 05:10 PM

Updated : 25 Aug 2022, 01:44 PM

গাইবান্ধা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হেফাজতে আসামির মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গাইবান্ধায় তিন পুলিশকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার গাইবান্ধা জেলা ও দায়রা জজ মো. মনিরুজ্জামান এ আদেশ দেন। কারাগারে পাঠানো হয়েছে পুলিশের পরিদর্শক নুর আলম, কনস্টেবল দুলাল চন্দ্র সরকার ও মিজানুর রহমান। মামলায় অভিযুক্ত একই থানার তৎকালীন উপ-পরিদর্শক ফাহিমা হায়দারকে জামিন দেওয়া হয়েছে। এছাড়া মামলার অপর দুই আসামি উপ-পরিদর্শক আবু ইউসুফ ও দেলোয়ার হোসেন হাইকোর্টে জামিনের আবেদন করলে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেওয়া হয়। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৬ সালের ১৮ মে সদর থানার তৎকালীন ওসি নুর আলমের নেতৃত্বে পুলিশ জেলা শহরের কাঠপট্টি থেকে একটি ওষুধ কোম্পানির বিপণন কর্মকর্তা সাজিদকে (২৬) গ্রেপ্তার করে। এরপর একটি মামলা করে পুলিশ। এই মামলায় ওই বছরের ১৯ মে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের হেফাজতে নেয় পুলিশ। কিন্তু হেফাজতে তৃতীয় দিন সদর থানা হাজতে সাজিদ মারা যান। এ ঘটনায় নিহতের বড়ভাই আব্দুল মাজেদ ও গাইবান্ধা নাগরিক কমিটির আহবায়ক আমিনুল ইসলাম গোলাপ বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২৫৫ ঘ.