২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় জামায়াত-শিবিরের ১৩ জন গ্রেপ্তার

সিলেট, খুলনা, শেরপুর ও নড়াইলে জামায়াতের ১০ কর্মী এবং শিবিরের তিন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2010, 04:08 PM

Updated : 25 Aug 2022, 01:27 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট, খুলনা, শেরপুর ও নড়াইলে জামায়াতের ১০ কর্মী এবং শিবিরের তিন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর মধ্যে রয়েছে সিলেটে দুই শিবিরকর্মী, খুলনায় দুই জামায়াতকর্মী, শেরপুরে দুই জামায়াতকর্মী ও এক শিবির নেতা এবং নড়াইলে ছয় জামায়াতকর্মী। সিলেট: বুধবার দুপুরে নগরীর রিকাবীবাজারের মদনমোহন কলেজ থেকে গ্রেপ্তার করা হয় শিবিরকর্মী আশরাফুজ্জামান সামি ও আইশামুুজ্জামানকে। বিকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। মদিনা মার্কেটে হামলার ঘটনায় এ নিয়ে ১৭ শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হল। কোতয়ালি থানার উপ পরিদর্শক রুকনুজ্জামান জানান, গ্রেপ্তার দু'জন মদনমোহন কলেজের ছাত্র। গত ২৯ জুন মদিনা মার্কেট এলাকায় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুর করা হয়। ওই ঘটনায় ৩০ জুন ১১ জন, ৩ জুলাই ২ জন এবং ৫ জুলাই ২ শিবিরকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। খুলনা: নগরীর খালিশপুর এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে গ্রেপ্তার করা হয় জামায়াতকর্মী ইসমাইল হোসেন (৫০) ও তার ভাই মাহবুব রসুলকে (৪৫)। বুধবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। খুলনা সদর থানার ওসি মো. মামুন খান জানান, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। গত ৩০ জুন নগরীর ডাকবাংলা মোড়ে মিছিল থেকে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই ঘটনায় এ নিয়ে মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হল। শেরপুর: শেরপুরের ঝিনাইগাতিতে গ্রেপ্তার করা হয়েছে উপজেলায় শিবির সভাপতি সুলতান আহম্মেদ (২২), দুই জামায়াত কর্মী আবু বকর সিদ্দিকী রতন (৫০) ও মোস্তফা সেলিমকে (৬০)। শেরপুরের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সার্কেল) মো. ইকবাল শফি জানান, বুধবার ভোরে এবং মঙ্গলবার রাতে সদর উপজেলার কসবা কাঠগড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। নড়াইল: নড়াইলে জামায়াতের কর্মী সন্দেহে পুলিশ ছয় জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাত এবং বুধবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- সদর উপজেলার দলজিতপুর এলাকার মুন্সী আ. রউফ (৫৫), আলেক সিকদার (৫৮), সেকেন্দার মাহমুদ (৪৮), মহিউদ্দিন মুন্সী, ডুমুরতলা এলাকার হারুনার রশিদ ও সাইফুল ইসলাম। মঙ্গলবার রাতে দলজিতপুরের নিজ নিজ বাড়ি থেকে প্রথম চারজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাদের দেখতে থানায় গেলে বাকি দু'জনকে গ্রেপ্তার করে। সদর থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, গ্রেপ্তার সবাই জামায়াতের কর্মী। আইনশৃঙ্খলা ভঙ্গ করতে পারে আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। সদর থানায় একটি মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৫ ঘ.