ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার 'গণরোষ' থেকে বাঁচতে বিরোধীদের ওপর 'নির্যাতনের পথ' বেঁছে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
রোববার মুক্তাঙ্গনে এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
দেলোয়ার বলেন, "সরকার গণ অভ্যুত্থানের আশংকায় বিরোধী দলের ওপর নির্যাতন চালাচ্ছে ও মিথ্যা অভিযোগ তুলছে। প্রধানমন্ত্রী নিজেও মিথ্যাচার করছেন। হরতালের দিন মির্জা আব্বাসের বাড়ির ঘটনা সর্ম্পকে তিনি প্রকারান্তরে কোনো হামলা হয়নি বলেছেন। এটি সম্পূর্ণ মিথ্যাচার। একজন মুসলমান এভাবে মিথ্যা কথা বলতে পারে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার সংস্থাগুলো একে হামলা বলেছে।''
বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর এক বিবৃতিতে বলা হয়েছে, ২৭ জুন হরতাল কর্মসূচি পালনকালে বিএনপি নেতা মির্জা আব্বাসের বাড়িতে নিরাপত্তা বাহিনীর অভিযানে 'অতিরিক্ত শক্তি' প্রয়োগ করা হয়েছে।
এতে আরো বলা হয়, "অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে দেওয়া সাক্ষ্য অনুযায়ী, সেদিন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) শাহজাহানপুরে মির্জা আব্বাসের বাড়িতে শান্তিপূর্ণ সমাবেশকারীদের ওপর সহিংস আক্রমণ চালায়। ওই হামলায় আহতরা অভিযোগ করেছে যে, বিনা উস্কানিতেই মির্জা আব্বাসের পরিবারের সদস্য ও দলীয় কর্মীদের মারধর করা হয়। গ্রেপ্তারের পর আহতদের চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। মুক্তির শর্ত হিসেবে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর রাখা হয়। তাদের স্বীকারোক্তিকে অসত্যভাবে তুলে ধরার উদ্দেশ্যেই এমনটা করা হয়েছে বলে অ্যামনেস্টির সন্দেহ।"
২৭ জুনের হরতালের সময় গ্রেপ্তার সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহবায়ক আবদুল মতিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ওবায়দুল হক নাসির, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গোলাম মাওলা শাহিনসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিকালে জাতীয়তাবদী ছাত্রদল এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সমাবেশ থেকে ছাত্রদল আগামী ২১ জুন ঢাকায় মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করে।
বিএনপি মহাসচিব গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি দাবি করে সরকারকে 'নির্যাতনের পথ' পরিহার করে গণতন্ত্রের পথে ফিরে আসারও আহবান জানান।
শনিবার গণভবনে সরকারি দলের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হরতালে বিরোধী দল 'ধ্বংসাত্মক কার্যকলাপ' করেছে বলে অভিযোগ করেন।
প্রধানমন্ত্রীর এই অভিযোগ নাকচ করে দেলোয়ার বলেন, '' প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলেছেন। হরতালের দিন বিরোধী দলের নেতা-কর্মীদের রাস্তায় নামতে দেওয়া হয়নি। বরং সরকারি দলের ছাত্র সংগঠন ও যুব সংগঠনের সস্ত্রাসী কর্মীরা পুলিশের ছত্রছায়ায় আমাদের নেতাদের পিটিয়েছে। সাংসদ এ্যানিকে কিভাবে পিটিয়েছে, তা দেশবাসী টেলিভিশনে দেখেছেন।''
মির্জা আব্বাসের বাড়িতে র্যাবের 'অভিযান' সর্ম্পকে ওই সভায় শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, "যেখানে সরকারের মন্ত্রী মতিয়া চৌধুরী, সাংসদ আবদুল মতিন খসরুসহ অনেকে ওই ঘটনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকান্ডের কঠোর সমালোচনা করেছেন। সেখানে প্রধানমন্ত্রী উল্টো কথা বললেন। আমরা জানি প্রধানমন্ত্রী নামাজ পড়েন। তিনি কিভাবে মিথ্যা কথা বললেন, তা আমাদের বোধগম্য নয়।''
হরতাল চলাকালে গাড়িতে আগুন দেওয়ার জন্য বিএনপিকে দায়ী করার অভিযোগকে 'ভিত্তিহীন' বলে আখ্যায়িত করেন দেলোয়ার।
তিনি বলেন, এব্যাপারে প্রধানমন্ত্রীর বক্তব্য মিথ্যা। ২০০১-২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগ ১৩০ দিন হরতাল করেছে। ওই সময় শাহবাগের কাছে বিআরটিসি'র একটি বাসে আগুন দিয়ে আওয়ামী লীগ কর্মীরা ১৩ যাত্রীকে খুন করেছিল বলে তিনি দাবি করেন।
ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, উপদেষ্টামণ্ডলির সদস্য শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমসহ ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৪১ ঘ.
bdnews24