২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টের ২৩ বেঞ্চ পুনর্গঠন

হাইকোর্টের ২৩ টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম স্বাক্ষরিত গত ২৮ জুনের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বেঞ্চের এই তালিকা প্রকাশ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2010, 02:58 PM

Updated : 25 Aug 2022, 01:07 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের ২৩ টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম স্বাক্ষরিত গত ২৮ জুনের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বেঞ্চের এই তালিকা প্রকাশ করা হয়। বৃহস্পতিবার পুনর্গঠিত বেঞ্চগুলোর তালিকা সুপ্রিম কোর্টের ডিক্রি শাখার সামনের দেয়ালে টানিয়ে দেওয়া হয়। আগামী ৪ জুলাই গ্রীষ্মকালীন অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খুললে নতুন পুনর্গঠিত বেঞ্চে হাইকোর্টের বিচারপতিরা দায়িত্ব পালন করবেন। পুনর্গঠিত বেঞ্চের মধ্যে বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চকে ফৌজদারি মোশনের পরিবর্তে সব রিট মোশন পরিচালনার ক্ষমতা দেওয়া হয়। রিট মোশন শুনানির ক্ষমতা অপরিবর্তিত রেখে বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের নেতৃত্বাধীন বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি পরিবর্তন করা হয়েছে। কনিষ্ঠ বিচারপতি পরিবর্তনের পাশাপাশি বিচারিক এখতিয়ারে পরিবর্তন আনা হয় বিচারপতি মির্জা হোসেইন হায়দাদের নেতৃত্বাধীন বেঞ্চের। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত বেঞ্চকে ফৌজদারি মোশন ও আপিল বিষয়াদি শুনানির দায়িত্ব দেওয়া হয়েছে। বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চকে ফৌজদারি মোশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চকে ফৌজদারি মোশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। ভ্যাট, কাস্টমস কর সংক্রান্ত রিট বিষয়াদির পরিবর্তে ফৌজদারি বিষয় শুনানির ক্ষমতা দেওয়া হয় বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চকে। বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদারের নেতৃত্বাধীন বেঞ্চের বিচারিক এখতিয়ার পরিবর্তন না করে কনিষ্ঠ বিচারপতি বদল করা হয়। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি পরিবর্তন করা হয়েছে। বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ নেতৃত্বাধীন বেঞ্চের রিট এখতিয়ার ও কনিষ্ঠ বিচারপতি পরিবর্তন করে দেওয়ানী মোশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। বিচারপতি এ এফ এম আলী আসগার ও বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের বেঞ্চের বিচারিক এখতিয়ার পরিবর্তন করে ফৌজদারি আপিল, ফৌজদারি কার্যবিধির জামিন ও বাতিল আবেদন শুনানির ক্ষমতা দেওয়া হয়। বিচারপতি মো. আবু তারিক ও বিচারপতি মো. আবদুল হাই সমন্বয়ে গঠিত বেঞ্চকে ডেথরেফারেন্স পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া দেওয়ানি মামলা পরিচালনার জন্য ছয়টি একক বেঞ্চ গঠন করা হয়। এই ছয়টি একক বেঞ্চের বিচারকরা হলেন- বিচারপতি মো. দেলোয়ার হোসেন, বিচারপতি মো. আজিজুল হক, বিচারপতি মো. আব্দুস সামাদ, বিচারপতি সৈয়দা আফসার জাহান, একেএম আব্দুল হাকিম ও বিচারপতি বোরহানউদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২০৫৫ ঘ.