খুলনা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমির ও সাবেক সাংসদ মিয়া গোলাম পরওয়ারসহ দলটির ১০ নেতাকর্মীকে দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুদিন পুলিশ হেফাজতে রাখার অনুমতি দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে আসামিদের খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে দুটি মামলায় প্রত্যেককে ১৫ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি চায় পুলিশ।
শুনানি হাকিম মো. বারেকুজ্জামান একদিন করে দুই মামলায় দুদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
বুধবার বিক্ষোভ কর্মসূচি পালনের সময় খুলনা নগরীর ডাকবাংলা মোড় থেকে জামায়াত ও এর সহযোগী সংগঠনের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
এদের মধ্যে পথচারী হওয়ায় একজনকে ছেড়ে দেওয়া হয়। রাতে গ্রেপ্তার করা হয় আরো এক শিবিরকর্মীকে।
গভীর রাতে কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বাদি গ্রেপ্তারকৃত ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড়শ জনকে আসামি করে দুটি মামলা করেন।
দ্রুত বিচার আইনে করা মামলার তদন্ত কর্মকর্তা একই থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম আসামিদের জিজ্ঞাসাবাদ করতে পাঁচদিন হেফাজতে রাখার জন্য আদালতে আবেদন জানান।
পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মনিরুল ইসলাম (১) ১০ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি চান।
ওসি (চলতি দায়িত্ব) মো. মামুন খান জানান, গোলাম পরওয়ার ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পাওয়া অপর নয়জন আসামি হলেন- বিএল কলেজ শাখা শিবিরের সভাপতি আজিজুল ইসলাম ফরাজী, শেখ খলিল উদ্দিন, শেখ রেজাউল করিম, সাইফুল ইসলাম, ইমরান হোসেন, ইমরান খালিদ, তাওহিদুল ইসলাম, গাজী শাহ মখদুম।
আসামিদের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল মালেক, মঞ্জুর আহমেদ, গাজী আব্দুল বারী, এস আর ফারুক, শেখ মাসুদ হোসেন রনি, মফিজুর রহমান মফিজসহ শতাধিক আইনজীবী।
এদিকে বুধবার জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হামলায় আহত কোতয়ালি থানার ওসি মুনীর-উল-গীয়াস, এসআই আব্দুর রহিম ও কনস্টেবল শরীফুল ইসলামকে প্রথমে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
রাত ১১টার দিকে অবস্থার অবনতি হলে ওসি ও এসআইকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় মঙ্গলবার বিকালে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলোয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার করে পুলিশ।
তাদের মুক্তি দাবি করে দলটি বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। বিক্ষোভ কর্মসূচি পালনের সময় বিভিন্ন স্থানে জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশে সংঘর্ষ হয়। আটক করা হয় শতাধিক নেতাকর্মীকে। আগেরদিন আটক হয় অন্তত ৪৭ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২০ ঘ.
bdnews24