ঢাকা জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) পুলিশের বাধার মুখে রাজধানীতে বিক্ষোভ মিছিল করতে পারেনি জামায়াতে ইসলামী।
মিছিল করার চেষ্টা করলে পুলিশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করে।
জামায়াত তাদের ২৫ নেতা-কর্মীকে আটকের দাবি করলেও, পুলিশ বলছে তিনজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার বিকাল ৫টার পর বিজয় নগরের নাইটিংগেল মোড় থেকে একটি এবং পল্টন মোড় থেকে অপর একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশের বাধার মুখে তা পন্ড হয়ে যায়।
এ সময় পুলিশ জামায়াত নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
জামাতের সহকারী সেক্রেটারী জেনারেল অধ্যাপক মজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুটি স্থান থেকে বিক্ষোভ মিছিল শুরু করার আগেই পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ প্রায় ২৫ জন নেতা-কমীকে আটক করে বলে দাবি করেন অধ্যাপক মজিবর।
তবে পল্টন থানার উপপরিদর্শক ফৌজিয়া বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিক্ষোভ মিছিল করার অভিযোগে ৩ জনকে থানায় নিয়ে আসা হয়েছে। তবে তারা জামায়াত কর্মী কিনা তা তিনি জানাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসএএ/১৯৩১ঘ.
bdnews24