নরসিংদী, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও কারখানা চালুর দাবিতে নরসিংদীর আলীজান জুট মিল হামলা ও ভাংচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।
বুধবার রাতে শ্রমিকরা কারখানার অফিসার্স কোয়ার্টারে এ ঘটনা ঘটায়। তারা মিলের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারীকে অবরুদ্ধ করে রেখে তার দুটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। আগুনে তার গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।
এতে অন্তত ৫০ জন আহত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নরসিংদী সদর থানার ওসি নজরুল ইসলাম।
পাট না থাকার অজুহাতে এক মাস আগে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করে।
ওসি বলেন, রাত ১০টার দিকে শ্রমিকরা অফিসার্স কোয়ার্টারে কর্মকর্তাদের বাসার আসবাবপত্র ভাংচুর ও পরিবার-পরিজনকে মারধর করে।
শতাধিক পুলিশ রাত সাড়ে ১১টার দিকে মাইকিং করে মিলের ভেতর ঢুকে। তখন শ্রমিকরা মিলের দেয়াল টপকিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা মিলের ভেতর ঢুকে গাড়ির আগুন নেভায়।
পরে পুলিশ কোয়ার্টারে অবরুদ্ধ মিলের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী ও উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শরিফ আজাদসহ অন্যদের পরিবার সদস্যদের উদ্ধার করে।
মিলটি চালুর দাবিতে শ্রমিকরা মঙ্গলবার নরসিংদী জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়।
এছাড়া বকেয়া আদায় ও মিল চালুর ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেনকে অনুরোধ করে শ্রমিকরা।
এদিকে বৃহস্পতিবার সকালে মিলের ভেতর শ্রমিকরা অবস্থান নেওয়ায় পুলিশ মোতায়েন করা করা হয়েছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে ওসি নজরুল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৪৫৫ ঘ.
bdnews24