সিলেট, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের উপর গ্রেনেড হামলার মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।
মঙ্গলবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মনজুরুল হক খানের আদালতে এই অভিযোগ গঠন করা হয়।
এ সময় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি হান্নানসহ পাঁচ আসামি উপস্থিতিত ছিলেন।
মামলায় নথি থেকে জানা যায়, ২০০৪ সালের ৭ আগস্ট সিলেট নগরীর গুলশান সেন্টারে নগর আওয়ামী লীগের সভায় কামরানকে লক্ষ্য করে গ্রেনেড হামলা হয়। এতে নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইব্রাহিম আলী নিহত ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজসহ ২০ থেকে ২৫জন নেতাকর্মী আহত হন।
পরদিন কোতোয়ালি থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দু'টি মামলা দায়ের করে।
২০০৬ সালের ৪ সেপ্টেম্বর সিলেট অঞ্চলের হুজি নেতা শাহেদুল আলম ওরফে বিপুলকে গ্রেপ্তার করা হলে এই হামলায় হুজির অন্যান্য নেতাদের জড়িত থাকার ব্যাপারে জানতে পারে পুলিশ।
পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্তে এই হামলায় মুফতি আবদুল হান্নানের জড়িত থাকার প্রমাণ মেলে।
দুই মামলায় মুফতি হান্নান, শরিফ শাহেদুল আলম বিপুল, মুফতি হান্নানের ভাই মুহিবুল্লাহ ওরফে অভি, মুফতি মইনুদ্দিন ওরফে আবু জান্দাল, দেলওয়ার হোসেন রিপন ও পলাতক হিমু ওরফে হুমায়ূন কবীরকে আসামি করা হয়।
২০০৮ সালের মার্চে এই ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২৩৫২ ঘ.
bdnews24