২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ সমর্থক খুন, গ্রেপ্তার ২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুর সদর উপজেলায় আওয়ামী লীগের এক সমর্থককে পিটিয়ে হত্যা করেছে বিএনপি সমর্থকরা। তাদের হামলায় আরো ১৫ জন আহত হয় বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2010, 05:48 PM

Updated : 25 Aug 2022, 12:12 PM

শরীয়তপুর, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুর সদর উপজেলায় আওয়ামী লীগের এক সমর্থককে পিটিয়ে হত্যা করেছে বিএনপি সমর্থকরা। তাদের হামলায় আরো ১৫ জন আহত হয় বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকালে শৌলপাড়া ইউনিয়নের গয়ঘর খলিফাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ময়েদ মাদবর (৪২)। এ ঘটনায় স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশে দিয়েছে। পালং (সদর) থানার ওসি মো. রবিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খলিফাকান্দি গ্রামে আওয়ামী লীগ সমর্থক ময়েদ মাদবর সঙ্গে বিএনপি সমর্থক করিম ঢালী, মোহাম্মদ আলী চৌকিদার, আবু খান, শাহজাহান খাঁর বিরোধ চলছিল। বিকালে ময়েদ ক্ষেতে কাজ করে বাড়ি ফেরার পথে বিএনপির এই সমর্থকরা দেশি অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। বিএনপি সমর্থকরা ময়েদের পক্ষের তিনটি বাড়িতে হামলা চালালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আহত হন- আতাহার মাদবর (২৫), নাহিদ (২৪), বিল্লাল মাদবর (২৮), মোতাহার (২০), হাসেম মাদবর (৫০), ওহেদ মাদবর (৪৮), ছমেদ মাদবর (৫৫), বাচ্চু (২০), সোবাহানসহ (১৫) ১৫ জন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা বিএনপি সমর্থক করিম ঢালী ও মোহাম্মদ আলী চৌকিদারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় পালং থানায় মামলা হয়েছে বলে জানান ওসি রবিউল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২৩৩৫ ঘ.