চট্টগ্রাম,জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মহিউদ্দিনকে জিতানোর জন্য সরকার মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী।
তিনি বলেন, "মহিউদ্দিন চৌধুরীকে ১৪ টি দুর্নীতি মামলা থেকে রেহাই দিতে সরকার তাকে জিতিয়ে আনার জন্য নানা ধরনে ষড়যন্ত্র করছে।"
বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর গুডসহিলে নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে সালাউদ্দিন এ অভিযোগ করেন।
আগামী ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হবে। নির্বাচনে নাগরিক কমিটির মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে সমর্থন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
অন্যদিকে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী এম. মনজুর আলমকে সমর্থ দিয়েছে বিএনপি ও জামায়াত।
সংবাদ সম্মেলনে বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন বলেন, "ভোটার তালিকায় ছবিবিহীন ৫৫ হাজার ভোট মহিউদ্দিন চৌধুরীর ভোটবাক্সের জন্য রাখা হয়েছে।
"ভোটার নম্বর থাকলেও ৫৫ হাজার পরিচয়পত্রে কোনো ছবি নেই। এগুলো সত্যিকার অর্থে ভোটার নয়।"
এ সব প্রশ্নবিদ্ধ ভোট মহিউদ্দিন চৌধুরীর ভোটবাক্সে ভরার জন্য আওয়ামী লীগের 'সোনার ছেলেরা' চট্টগ্রাম আসছে দাবি করে তিনি বলেন, "কেউ পরিচয়পত্র ছাড়া ভোট দিতে এলে তাদের প্রতিহত করা হবে।"
তত্ত্বাবধায়ক সরকার ভোটার পরিচয়পত্রের অজুহাতে দুই বছর দেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছিল বলে মন্তব্য করেন সালাউদ্দিন।
তিনি বলেন, বলেন, "সেসময় আওয়ামী লীগ বলেছিল ছবি যুক্ত ভোটার পরিচয়পত্র ছাড়া কেউ ভোট দিতে পারবে না, কিন্তু এখন তারা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে।"
ছবিবিহীন ভোটারদের ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ করা হবে কিনা জানতে চাইলে সালাউদ্দিন বলেন, "কার কাছে অভিযোগ দেব। তারা তো আমাদের কর্মচারী, আমরা ট্যাক্স দেই বলে তারা বেতন পায়।"
এ নিয়ে তারা আদালতে যাবেন কিনা- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এখন আর আদালত খুঁজে পাওয়া যায় না। আদালত খুঁজতে জিপিওতে নম্বর দিয়ে বাক্স বসাতে হবে।"
নির্বাচন নিয়ে নীল নকশা বাস্তবায়নের জন্য ইতোমধ্যে পুলিশ বদলি শুরু হয়ে গেছে বলে অভিযোগ করেন সালাউদ্দিন।
তিনি বলেন, "যাদের বদলি করা হয়েছে (পুলিশ কমিশনার, এসি ডবলমুরিং) তারা এখনো রয়ে গেছে। তাদের দিয়ে সরকার চক্রান্ত বাস্তবায়নের পর তাদের বদলি কার্যকর করবে।"
সন্ত্রাসীদের ধরার নামে উন্নয়ন আন্দোলনের নেতাকর্মীদের নির্বাচনী মাঠ থেকে বিতাড়িত করার যড়যন্ত্রেরও অভিযোগ তোলেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, "আনারসের (মনজুরের প্রতীক) নির্বাচনী হাওয়া দেখে প্রশাসনের মাথা খারাপ হয়ে গেছে। কারা প্রতিদিন মেজবান খাওয়াচ্ছে তা সবাই জানে, নির্বাচন কমিশনও জানে । তারপরও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।"
সংবাদ সম্মেলনে আরো ছিলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল্লাহসহ দলের বেশ কয়েকজন নেতাকর্মী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমএসবি/২০১৬ ঘ.
bdnews24