ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি ফজলুল করিম বলেছেন, সেবামূলক কার্যক্রম বাড়ানোর মাধ্যমে সমাজে বিদ্যমান সংকট দূর করা সম্ভব।
শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ঐতিহ্য ফাউন্ডেশন আয়োজিত 'নওয়াব সলিমুল্লাহ স্বর্ণপদক' বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "সমাজ থেকে মূল্যবোধ ক্রমেই বিদায় নিচ্ছে। চারিদিকে অবক্ষয় প্রকট হয়ে উঠেছে। সন্ত্রাস, বিশৃঙ্খলা, মাদকাসক্তি ও দেশের স্বার্থ সম্পর্কে উদাসীনতা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। গুনীজনের কাজের স্বীকৃতি ও সেবামূলক কার্যক্রম বাড়ানোর মাধ্যমে এই সংকট দূর করা সম্ভব।"
বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য এ বছর স্বর্ণপদক পেয়েছেন, জাতীয় ক্ষেত্রে বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, সমাজ সেবায় রাগীব আলী, সাংবাদিকতায় আলমগীর মহিউদ্দিন এবং শিক্ষায় অধ্যাপক এসএমএ ফায়েজ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/কেএমএস/২৩৪৬ ঘ.
bdnews24