২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পত্রিকা বন্ধের দায়িত্ব ডিসির: তথ্যমন্ত্রী

মহাজোট সরকার স্বাধীন সংবাদপত্র ও অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2010, 03:56 PM

Updated : 25 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহাজোট সরকার স্বাধীন সংবাদপত্র ও অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। বুধবার সংসদে বিরোধীদল বিএনপির সদস্য মওদুদ আহমদের বক্তব্যের জবাবে তিনি আরো বলেন, "পত্রিকা বন্ধের দায়িত্ব জেলা প্রশাসকের (ডিসির)।" বিএনপির সাংসদ মওদুদ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মওদুদ বলেন, "এখন দেশে সংবাদপত্রের স্বাধীনতা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয়ে গেছে। মন্ত্রীদের জিজ্ঞেস করলে তারা কিছুই বলতে পারছেন না। তাহলে কি কোনো অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে ?" তিনি আমার দেশ পত্রিকা বন্ধের আদেশ প্রত্যাহারের দাবি জানান। এরপর বিএনপি সদস্যরা দ্বিতীয় দফা ওয়াকআউট করেন। এর আগে বিকাল ৫টার দিকে নবম জাতীয় সংসদের পঞ্চম ও বাজেট অধিবেশন শুরুর পর কয়েক মিনিটের মধ্যে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে না দেওয়ায় তারা বেরিয়ে যান। তথ্যমন্ত্রীর বক্তব্যের এক পর্যায়ে তাকে থামিয়ে দিয়ে স্পিকার আব্দুল হামিদ বলেন, "মাননীয় মন্ত্রী আপনি কী বলতে চাচ্ছেন জেলা প্রশাসক আমার দেশ এবং চ্যানেল ওয়ান হাইকোর্ট বন্ধ করেছে?" এ সময় মন্ত্রী বলেন, "জী স্পিকার। জী।" আবুল কালাম আজাদ বলেন, "জেলা প্রশাসক সাধারণত কোনো পত্রিকার অনুমোদন দিয়ে থাকেন।" তিনি সংসদকে জানান, আমার দেশের প্রকাশক হাশমত আলীর স্বেচ্ছায় দায়িত্ব থেকে অবসর নেওয়ার পরও তার নাম পত্রিকার প্রিন্টার্স লাইনে ব্যবহার করা হচ্ছিল। এ ব্যাপারে পত্রিকাটির সম্পাদকে কারণ জানাতে অনুরোধ করা হয়েছিল। তার জবাব সন্তোষ মনে হয়নি। এছাড়া হাশমত আলী তার নাম অবৈধভাবে ব্যবহার করায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করেছেন। সেইসঙ্গে মাহমুদুর রহমানের নাম প্রকাশক হিসাবে স্বীকৃত হয়নি। এসব কারণে প্রেস অ্যান্ড পবলিকেশন অ্যাক্টের ৫ ও ৭ ধারা অনুযায়ী আমার দেশ পত্রিকা বন্ধ ঘোষণা করেন জেলা প্রশাসক। তথ্যমন্ত্রী আরো বলেন, "আমি মওদুদ সাহেবকে ১৯৫৮ সাল থেকে চিনি। তিনি তখন করতেন ছাত্রশক্তি। বর্তমানে যেসব নেতা রয়েছেন, তার মধ্যে সবচেয়ে সুবিধাবাদী এই মওদুদ আহমেদ। কী উত্তর দেবো তার কথার? তার তো কোনো নীতি নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএসবি/২১৪৮ ঘ.