২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ বালু সন্ত্রাসীর হাতে

জেলার বন্দর উপজেলায় ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার পুলিশসহ দুইঘণ্টা অবরুদ্ধ ছিলেন দুর্বৃত্তের হাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 12:43 PM

Updated : 25 Aug 2022, 11:30 AM

নারায়ণগঞ্জ, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার বন্দর উপজেলায় ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার পুলিশসহ দুইঘণ্টা অবরুদ্ধ ছিলেন দুর্বৃত্তের হাতে। মঙ্গলবার ধলেশ্বরী নদীর মদনগঞ্জ চরে এই ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এছাড়া ঘটনাস্থল থেকে তিনটি ড্রেজার জব্দ এবং সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অবরুদ্ধ ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক ইমরাত হোসেন। পুলিশ জানায়, এই তিন কর্মকর্তাসহ পুলিশের একটি দল সকাল ১১টায় বন্দর উপজেলার মদনগঞ্জ চরে যান। এ সময় অবৈধভাবে বালু তোলার অভিযোগে তিনটি ড্রেজার ও সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ওই স্থানের বালুর ইজারাদারের সন্ত্রাসীরা প্রশাসনের পুরো দলটিকে দুইঘণ্টা অবরুদ্ধ করে রাখে। বন্দর থানার ওসি হারুন-অর-রশিদ জানান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসনের কর্মকর্তারা ড্রেজারসহ সাতজনকে আটক করে নিয়ে যেতে চাইলে ইজারাদারের লোকজন তাদের অবরুদ্ধ করে। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে। ম্যাজিস্ট্রেট সাদিউল ইসলাম জানান, ২৫টি ড্রেজার দিয়ে মুন্সিগঞ্জের চর এলাকা থেকে অবৈধভাবে বালু কাটা হচ্ছিল। তারা ঘটনাস্থলে গিয়ে তিনটি ড্রেজারসহ কয়েকজনকে গ্রেপ্তার করলে সন্ত্রাসীরা তাদের আধঘণ্টা অবরুদ্ধ করে রাখে। এই এলাকায় বালুর টাকা আদায় করতে গিয়ে গত রোববার সংঘর্ষে মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ মামুন (২৫) নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০৯ ঘ.