নরসিংদী, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর মনোহরদী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে বেবি ট্যাক্সির সংঘর্ষে এক মা ও তার ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্যাক্সিটির চালকসহ আরো চারজন।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার হেতেমদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শামসুন্নাহার (৭৫) ও তার ছেলে মিজান (৩০)।
আহতরা হলেন- মনোয়ারা (৫০), ফাতেমা (২৭), জুয়েনা (২৫) ও চালক সোবাহান (২৫)।
হতাহত সবাই উপজেলার চালাকচর ইউনিয়নের বড় মির্জাপুর গ্রামের বাসিন্দা। তারা বেবি ট্যাক্সিতে মনোহরদী থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও যাচ্ছিলেন।
মনোহরদী থানার ওসি কুতুবুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হেতেমদী এলাকায় মনোহরদীগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বেবি ট্যাক্সিটির মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহতদের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৪২৭ ঘ.
bdnews24