২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত খাদ্যশস্য আমদানির সুপারিশ

সরকারের অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ অভিযানে আশানুরূপ সাড়া না পাওয়ায় দ্রুত খাদ্যশস্য আমদানির সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 03:58 PM

Updated : 25 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ অভিযানে আশানুরূপ সাড়া না পাওয়ায় দ্রুত খাদ্যশস্য আমদানির সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। সোমবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বলা হয়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে ধান-চালের দাম বেশি হওয়ার কারণে চলমান খাদ্য সংগ্রহ অভিযান ব্যাহত হতে পারে। কমিটি এমন আশঙ্কাও প্রকাশ করে যে, পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা না হলে খাদ্য দ্রব্যের দাম বেড়ে যেতে পারে, যার প্রভাব পড়বে দরিদ্রদের উপর। বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চলতি বোরো মৌসুমে ১২ লাখ মেট্রিক টনেরও বেশি চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে মন্ত্রণালয় সাড়ে তিন লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করেছে। সংসদ ভবনে বৈঠক শেষে স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবালুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খাদ্যশস্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে আমরা সরকারি ও বেসরকারি পর্যায়ে দ্রুত চাল ও গম আমদানির সুপারিশ করেছি।" তিনি বলেন, "কারণ, জরুরি চাহিদা মেটাতে সরকারের পর্যাপ্ত চাল ও গম মজুদ না থাকলে কিছু অসাধু ব্যবসায়ী খাদ্যশস্যের দাম বাড়াতেই পারে।" আওয়ামী লীগের এই সাংসদ জানান, খাদ্য মন্ত্রী আবদুর রাজ্জাক এ বিষয়ে কমিটির সঙ্গে একমত হয়েছেন এবং কিছু প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহেেণরও আশ্বাস দিয়েছেন। সাবেক এই ছাত্র নেতা বলেন, "বর্তমানে, এক কেজি মোটা চাল ২৮ টাকায় বিক্রি হয়। কিন্তু সরকার কিনছে ২৫ টাকায়। এমন পরিস্থিতিতে জরুরি চাহিদা মেটানোর মতো খাদ্য যদি সরকারের কাছে মজুদ না থাকে তাহলে কী ঘটতে পারে?" গত ১ মে অভ্যন্তরীণ বাজার থেকে ২৫ টাকা দরে চাল সংগ্রহ শুরু করে খাদ্য মন্ত্রণালয়। আগামী ৩০ জুন পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে। নাম প্রকাশ না করার শর্তে কমিটির একজন সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খাদ্য মন্ত্রণালয়ের সংগ্রহ অভিযানের ফলাফলের বিষয়ে কমিটির সভাপতিসহ অধিকাংশ সদস্যই হতাশা ব্যক্ত করেছেন। "সরকার ইতিমধ্যে টেস্ট রিলিফ এবং কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় বরাদ্দ খাদ্যশস্য ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে। এই খাদ্যশস্য নিশ্চিতভাবে বাজারে একটি ইতিবাচক প্রভাব ফেলবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেবি/এইচএ/২১৫০ ঘ.