নাটোর, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোর সদর উপজেলায় চার স্কুলছাত্রকে অপহরণের সময় মাইক্রোবাসসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলার ঝাঠিয়ান উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে স্থানীয়রা মঞ্জুর কাদের নামের এই ব্যক্তিকে আটক করে বলে নাটোর থানা পুলিশ জানায়।
মঞ্জুর নাটোর শহরের চৌকিরপাড় মহল্লার মজিবর রহমানের ছেলে। আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
পুলিশ সাংবাদিকদের জানায়, কয়েকজন অপহরণকারী ঝাঠিয়ান বিদ্যালয়ের সামনে ওই বিদ্যালয়ের ছাত্র শান্ত (১০), নাছিম (৯) ও সুমনকে (১০) জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
পথচারী ও স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে জড়ো হতে শুরু করলে অপহরণকারীদের তিনজন পালিয়ে যায়। আটক করা হয় মঞ্জুরকে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসসহ তাকে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।
নাটোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চক্রের অন্য সদস্যদের সনাক্ত ও গ্রেপ্তারে মঞ্জুরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৪ ঘ.
bdnews24