ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক-শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়।
এর আগে ৯ দফা দাবিতে শিক্ষার্থীরা উপাচার্যকে একটি স্বারকলিপি দেয়।
শনিবার বুয়েটে কোনো ক্লাশ হয়নি।
মানববন্ধনে বুয়েটের উপাচার্য অধ্যাপক এ এম এম শফিউল্লাহ বলেন, "আমরা খন্দকার খানজাহান সম্রাটের মতো আর কাউকে সড়ক দুর্ঘটনায় হারাতে চাই না। সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশে নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে।"
আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সম্রাটের ঘাতকদের বিচার ও বাসের মালিক পক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে বলে তিনি উল্লেখ করেন।
শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে আগামী এক সপ্তাহ কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন এবং সোমবার বাদ আসর বুয়েট মসজিদে সম্রাটের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এ ছাড়া ৩ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
গত বৃহস্পতিবার সকালে বোনের বাসায় যাওয়ার পথে আজিমপুর বাসস্ট্যান্ডে বুয়েটের প্রথম বর্ষের শিক্ষার্থী সম্রাট বাস চাপায় মারা যান। এ ঘটনার প্রতিবাদে ওই দিনই বুয়েটের শিক্ষার্থীরা আশপাশ এলাকায় ব্যাপক ভাংচুর ও বিক্ষোভ করে।
ঘাতক বাস চালকের বিচার ও ক্ষতিপূরণসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীরা শুক্রবার বিভিন্ন কর্মসূচি পালন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬৫৩ ঘ.
bdnews24