২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের ১৬ যাত্রী এখনো নিখোঁজ

কিশোরগঞ্জে মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের ১৬ যাত্রী এখনো নিখোঁজ আছে। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2010, 08:48 AM

Updated : 24 Aug 2022, 09:27 PM

কিশোরগঞ্জ, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের ১৬ যাত্রী এখনো নিখোঁজ আছে। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। শতাধিক যাত্রী ও কয়েক'শ মন ধানসহ বুধবার সকাল ১০টার দিকে বাজিতপুর উপজেলার আয়নারঘোপ এলাকা সংলগ্ন নদীতে ট্রলারটি ডুবে যায়। এ সময় বেশ ক'জন যাত্রী সাঁতরে কূলে উঠতে সক্ষম হলেও ১৭ জন নিখোঁজ হয়। বাজিতপুর থানার ওসি সুব্রত কুমার সাহা বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের জানান, পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় সাবেকুন্নাহার (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এখনো ১৬ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে দমকলের কিশোরগঞ্জ ও বাজিতপুরের চারজন এবং ঢাকা থেকে আসা চারজন ডুবুরি কাজ করছে। কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন উদ্ধার কাজ তদারকি করছেন। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচারক আবু আব্দুল্লাহ মো. সাইদুল্লাহ জানান, দুর্ঘটনাস্থলে নদীর গভীরতা বেশি (৭০ ফুট) হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। নিখোঁজ ১৬ জন হলেন- দীন ইসলাম (৭), মাফিয়া খাতুন (৮), তকদীর (৮), তানভীর (১০), তানজিনা (১২), তানজিনা (৩৫), নূরচান বেগম (২৬), শার্মিনা (৪), আব্দুল বারী (৮০), হাসমত আলী (৬০), আনোয়ারা (২৭), স্বপন (৩), স্বাধীন (২), শাহানা (১২), মনোয়ারা (২৬) ও তানিয়া (১৫)। নখোঁজ যাত্রীদের খোঁজে তাদের স্বজনরা ভিড় করেছেন মেঘনা নদীর দুই তীরে। ওসি বলেন, অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাইয়ের কারণে ভারসাম্য হারিয়ে ট্রলারটি ডুবে যায়। ব্রাক্ষণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার চাতালপাড় বাজারের উদ্দেশে যাচ্ছিল ট্রলারটি। হাওর এলাকা কিশোরগঞ্জে ট্রলার যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে। গত বছরের ডিসেম্বর মাসে মিঠামইন উপজেলায় অপর এক দুর্ঘটনায় ৫৫ জন যাত্রী নিহত হয়। এর আগে ২০০৮ সানের এইদিনেই (১২ মে) নিকলী উপজেলার ঘোড়াদীগায় এক লঞ্চ দুর্ঘটনায় ৪৫ জন যাত্রী নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৪২০ ঘ.