২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ট্রলারডুবি, নিহত ১

মেঘনায় বুধবার একটি ট্রলার ডুবেছে। এক যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2010, 03:41 PM

Updated : 24 Aug 2022, 09:23 PM

কিশোরগঞ্জ, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনায় বুধবার একটি ট্রলার ডুবেছে। এক যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। ট্রলারের যাত্রীদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, এখনো ১৬ যাত্রী নিখোঁজ রয়েছে। রাত ৮টায় উদ্ধার কাজ আপাতত বন্ধ করা হয় বলে জানিয়েছন নিকলী-বাজিতপুর আসনের সাংসদ আফজল হোসেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৮টায় উদ্ধার কাজ আবার শুরু হবে। ট্রলারটি বাজিতপুর থেকে ব্রাক্ষণবাড়িয়ার নাছিরনগর উপজেলার চাতালপাড় বাজারের উদ্দেশে যাওয়ার পথে বাজিতপুরের আয়নারখোপ এলাকা সংলগ্ন নদীতে সকাল ১০টায় ট্রলারটি ডুবে যায়। বাজিতপুর থানার ওসি সুব্রত কুমার সাহা সাংবাদিকদের বলেন, অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাইয়ের কারণে ভারসাম্য হারিয়ে ট্রলারটি ডুবে গেছে। সাবিকুন্নাহার (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজন যাত্রী সাঁতরে কূলে উঠতে সক্ষম হয়। নিখোঁজ ১৬ জন হলেন- দীন ইসলাম (৭), মাফিয়া খাতুন (৮), তকদীর (৮), তানভীর (১০), তানজিনা (১২), তানজিনা (৩৫), নূরচান বেগম (২৬), শার্মিনা (৪), আব্দুল বারী (৮০), হাসমত আলী (৬০), আনোয়ারা (২৭), স্বপন (৩), স্বাধীন (২), শাহানা (১২), মনোয়ারা (২৬) ও তানিয়া (১৫)। সকাল ১০টায় দুর্ঘটনার পর ১০ ঘণ্টা উদ্ধার অভিযান চালায় দমকলের কিশোরগঞ্জ ও বাজিতপুরের চারজন এবং ঢাকা থেকে আসা চারজন ডুবুরি। কিশোরগঞ্জ দমকলের উপসহকারী পরিচালক আবু আব্দুল্লাহ মো. সাইদুল্লাহ জানান, ডুবুরিরা দিনভর উদ্ধার কাজ চালিয়েছেন। দুর্ঘটনাস্থলে নদীর গভীরাতা বেশি (৭০ ফুট) হওয়ায় উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। হাওর এলাকা কিশোরগঞ্জে ট্রলার যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে। গত বছরের ডিসেম্বর মাসে মিঠামইন উপজেলায় অপর এক দুর্ঘটনায় ৫৫ জন যাত্রী নিহত হয়। এর আগে ২০০৮ সানের এইদিনেই (১২ মে) নিকলী উপজেলার ঘোড়াদীগায় এক লঞ্চ দুর্ঘটনায় ৪৫ জন যাত্রী নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/ডিডি/২১২১ ঘ.