যশোর, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে হত্যার অভিযোগে সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।
মঙ্গলবার দায়ের করা মামলাটি নিয়ে আলাদা ঘটনায় একই অভিযোগে তার বিরুদ্ধে মোট মামলার সংখ্যা পাঁচটিতে দাঁড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বারবার রাজনৈতিক দল বদলকারী সাখাওয়াত বর্তমানে ক্ষমতাসীন মহাজোটের অংশীদার জাতীয় পার্টিতে আছেন।
কেশবপুর উপজেলার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মঙ্গলবার সাখাওয়াতসহ ১৫ রাজাকারের বিরুদ্ধে যশোরের বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি দায়ের করেন।
হাকিম আব্দুল্লাহ আল মামুন অভিযোগ আমলে নিয়ে কেশবপুর থানার ওসিকে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন বলে বাদির আইনজীবী মোশারফ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন।
মামলার আরজিতে অভিযোগ করা হয়, রাজাকার কমান্ডার আমিনউদ্দীন ও সাখাওয়াতের নেতৃত্বে অন্য আসামিরা ১৯৭১ সালের ৯ আগস্ট উপজেলার মহাদেবপুর গ্রামের তসীর গোলদার, বারোইহাটি গ্রামের দুই সহোদর সতীশ সরকার ও কার্তিক সরকার এবং গৌরিঘোনা গ্রামের ইসমাইল হোসেনকে গুলি চালিয়ে হত্যা করে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রউফ সাংবাদিকদের জানান, একাত্তরে হত্যার অভিযোগে সাখাওয়াতের বিরুদ্ধে চারটি মামলা হয়।
সাখাওয়াত তিনি ১৯৯১ সালে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে জামায়াতে ইসলামীর টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে যোগ দেন বিএনপিতে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি যোগ দেন পিডিপিতে।
নবম জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে সাখাওয়াত পিডিপি ছেড়ে এরশাদের দলে ভেড়েন। নির্বাচনে মহাজোটের প্রার্থী হতে চাইলেও স্থানীয় আওয়ামী লীগের প্রবল আপত্তিতে তাকে প্রার্থী করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৮ ঘ.
bdnews24