২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা ভাইয়ের দুই সহযোগী গ্রেপ্তার

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে রোববার রাতে গ্রেপ্তার করেছে নওগাঁ পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2010, 11:31 AM

Updated : 24 Aug 2022, 09:07 PM

নওগাঁ, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে রোববার রাতে গ্রেপ্তার করেছে নওগাঁ পুলিশ। রাণীনগর উপজেলার শফিকপুর গ্রাম থেকে এদের গ্রেপ্তার করা হয়। এরা ফাঁসি হওয়া জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের সহযোগী বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মোফাজ্জেল হোসেন। গ্রেপ্তারকৃতরা হলেন- এ টি এম আলী জিন্নাহ (৫৫) ও তার ছেলে জামালউদ্দীন (২৫)। জিন্নাহ ও জামাল সিম্বা গ্রামের যুবলীগ নেতা ইদ্রীস আলী খেজুর হত্যা এবং শফিকপুর গ্রামের কথিত চরমপন্থী নেতা আব্দুল কাইয়ুম বাদশা হত্যা মামলার পলাতক আসামি। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১২টার দিকে জিন্নাহ ও তার ছেলে জামালকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, ২০০৪ সালের ১৮ মে বাংলা ভাই ও তার সহযোগীরা খেজুরকে তখন জাগ্রত মুসলিম জনতার ভেটি ক্যাম্পে এবং বাদশাকে বাঁশবাড়িয়া ক্যাম্পে ধরে নিয়ে যায়। খেজুরকে হত্যার পর পাঁচ টুকরো করে লাশ ক্যাম্পের অদূরে মাঠে পুঁতে রাখা হয়। বাদশাকে পিটিয়ে হত্যার পর লাশ উল্টো করে ঝুলিয়ে রাখা হয় বগুড়ার নন্দিগ্রাম উপজেলার একটি গাছের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭২৬ ঘ.