২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তুকিতে অনিয়মে বিক্ষোভ কৃষকদের

কৃষি ভর্তুকি বিতরণে অনিয়মের অভিযোগে চাঁদপুরের হাইমচর উপজেলায় কৃষি ব্যাংক শাখা কার্যালয়ে বৃহস্পতিবার বিক্ষোভ করেন কয়েকশ' কৃষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2010, 09:34 AM

Updated : 24 Aug 2022, 08:59 PM

চাঁদপুর, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি ভর্তুকি বিতরণে অনিয়মের অভিযোগে চাঁদপুরের হাইমচর উপজেলায় কৃষি ব্যাংক শাখা কার্যালয়ে বৃহস্পতিবার বিক্ষোভ করেন কয়েকশ' কৃষক। তারা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যাংকের কার্যালয় ঘেরাও করে রাখেন। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে। নির্ধারিত একাধিক তারিখে গিয়েও ভর্তুকির টাকা না পেয়ে কৃষকরা এ বিক্ষোভ করেন। তারা আরো অভিযোগ করেন, ব্যাংকে হিসাব খোলায় ১০০ টাকা ও ভর্তুকির টাকা নেওয়ার সময় ১০০ টাকা হারে ঘুষ দিতে হয়। ব্যাংকের একজন কর্মকর্তা বলেছেন, কয়েকটি গ্রামের কৃষকদের ভর্তুকি বিতরণের তারিখ একদিনে হওয়ায় তারিখ পুনর্নির্ধারণ করা হয়। এতে কিছু কৃষক বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বর্তমান সরকার কৃষকদের জন্য মাত্র ১০ টাকায় ব্যাংকে হিসাব খোলার সুযোগ দিয়েছে। উপজেলার দক্ষিণ আলগী, কমলাপুর ও ভিঙ্গুলীয়া এলাকার কৃষক মোশারফ, ফেরদাউস, জাহাঙ্গীর, হারুন, সোলেমান, খোকন, আলমগীর, সেকান্তরসহ বেশ কয়েকজন জানান, কৃষি ভর্তুকির টাকা পাওয়ার জন্য তারা ব্যাংকে একাউন্ট করতে জনপ্রতি ১০০ টাকা দিয়েছেন। এখন টাকা বিতরণের জন্য ৪-৫ দিন তারিখ দিয়ে বিতরণ না করে হয়রানি করা হচ্ছে। বৃহস্পতিবার ভর্তুকি বিতরণের কথা দিয়ে সকাল থেকে ব্যাংকে এনে ভর্তুকি দিচ্ছে না। যারা ১০০-২০০ টাকা দিতে পারছেন তাদেরকেই টাকা দেওয়া হচ্ছে। তারা বলেন, ডিজেলে ভর্তুকি বাবদ দেওয়া হবে ৮০০ টাকা। অথচ চারদিন দেড়শ' টাকার হাজিরার কাজ বন্ধ রেখে ব্যাংকে এসেছি। ৩-৪ দিন হয়রানির পর ব্যাংক কর্মকর্তারা ২০০ টাকা করে কেটে রাখছে। এতে উপকারের চাইতে অপকারই বেশি হচ্ছে। ব্যাংকটির ব্যবস্থাপক আব্দুল হামিদ দালালের মাধ্যমে কৃষি ঋণ বিতরণে ঘুষ নেন বলে অভিযোগ করেন তারা। এ বিষয়ে হামিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। কৃষকদের অভিযোগ অস্বীকার করে ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সৈয়দ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার কৃষকদের টাকা দেওয়ার কথা ছিলো। তবে নয়ানী, কমলাপুর ও দক্ষিণ আলগী গ্রামের ভর্তুকি বিতরণ একদিনে হওয়ায় আমরা বিতরণের তারিখ পুনর্নির্ধারণ করি। এতে কিছু কৃষক ক্ষুব্ধ হয়ে ওঠেন।" হাইমচর থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, "অনাকাক্সিক্ষত ঘটনার আশঙ্কায় আমরা ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করেছিলাম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৫২৫ ঘ.