সিরাজগঞ্জ, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদীর পশ্চিমতীরে প্রায় আড়াই কিলোমিটার এলাকা জুড়ে ভাঙ্গন চলছে।
গত এক মাসে এলাকার কয়েকটি গ্রামের প্রায় নয়শ' বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সাত শতাধিক পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
ভাঙ্গনের হুমকির মুখে রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধিক ঘর-বাড়ি।
ভাঙ্গন কবলিত গ্রামগুলো হল- ছোটপিয়ারী, বিয়ারা, মোড়গ্রাম, বেলোটিয়া, খাস-বেলোটিয়া, চর-সাপরি ও ঘোনাপাড়া।
স্থানীয়রা জানান, যমুনা নদীর পানি বাড়ায় মার্চের মাঝামাঝি থেকে যমুনার পশ্চিমতীরে ভাঙ্গন শুরু হয়। ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোনো ব্যবস্থা নেয়নি।
শনিবার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং রোববার সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা ভাঙ্গন কবলিত ঘোনাপাড়া গ্রাম ও আশপাশের এলাকা পরিদর্শন করেছেন।
নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইতোমধ্যে ভাঙ্গনের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে।"
বিয়ারা গ্রামের মসজিদের ইমাম মো. সুজাবত আলী বলেন, গত মাসে তার প্রায় ২০ বিঘা জমির কাঁচা ইরি ধান নদীগর্ভে চলে গেছে।
ঘোনাপাড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, "পাউবো কোনো ব্যবস্থা নেয়নি। যদি খনন করে গ্রামের পূর্বদিকের চ্যানেলটা ঘুরিয়ে দেওয়া যেত বা ভাঙ্গনের সময় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতো, তাহলে আমাদের এ ধরনের দুরাবস্থা হতো না।"
সরেজমিনে ভাঙ্গন এলাকা ঘুরে দেখা যায়, চর-সাপরি প্রাথমিক বিদ্যালয়, ঘোনাপাড়া প্রাথমিক বিদ্যালয়, ঘোনাপাড়া ঈদগাহ মাঠ, ঘোনাপাড়া মসজিদ ও চর-সাপরি বাইতুন-নূর জামে মসজিদসহ আশপাশের শতাধিক ঘরবাড়ি হুমকির মুখে রয়েছে।
ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো নিলামে বিক্রি করা হয়েছে। মসজিদ ও বন্যা আশ্রয় কেন্দ্রের অবকাঠামোও সরিয়ে নেওয়ার সিদান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।
ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম রুহুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাঙ্গনের মুখে বিদ্যালয়টির অবকাঠামো নিলামে বিক্রি করা হয়েছে। বিদ্যালয়টি এখন কোথায় স্থাপন করা হবে এবং ছাত্র-ছাত্রীদের পাঠদানের কি হবে সে বিষয়ে তিনি উদ্বিগ্ন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে খয়রাতি চাল ও নগদ অর্থ দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪০ ঘ.
bdnews24