ময়মনসিংহ, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ময়মনসিংহ শহর ও ধোবাউড়া উপজেলা থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সাতজনকে আটক করেছে র্যাব।
শুক্রবার ভোররাতে শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে চারজনকে আটক করে র্যাব-৯ এর একটি দল।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী ধোবাউড়া থেকে আটক করা হয় তিনজনকে। সেখান থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ও গুলি।
বিকেলে ময়মনসিংহে র্যাব-৯ এর কার্যালয়ে ব্যাটালিয়ন কর্মকর্তা উইং কমান্ডার সৈয়দ অনঘ সাংবাদিকদের এ তথ্য জানান।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে আছে- তিনটি বিদেশি পিস্তল, একটি দেশি রিভলবার, একটি এলজি, নয় রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন ও একটি বড় ছুরি।
আটককৃতরা হলেন- ধোবউড়া উপজেলা চেয়ারম্যান ফোরকান উদ্দিন সেলিম মৃধার ছোট ভাই মজনু মিয়া (৩১), একই উপজেলার বাসিন্দা নুরে আলম (৩৩), শিমুল মিয়া (২৬), জামাল হোসেন (২৫), শাহ আলম (২০), কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মাজেদুর রহমান খান (৩২) ও নেত্রকোনার আটপাড়া থানার জাহিদ হাসান (২৬)।
র্যাব কর্মকর্তা সৈয়দ অনঘ জানান, ভোর রাতে মেজর জাভেদের নেতৃত্বে র্যাব-৯ এর কোম্পানি-২ এর একটি দল ময়মনসিংহ শহরের খান ইন্টারন্যাশনাল হোটেলে অস্ত্রের ক্রেতা সেজে অস্ত্র কারবারি শিমুল, শাহ আলম, মাজেদ ও জাহিদকে আটক করে।
পরে তাদের দেওয়া তথ্যে ভিত্তিতে সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলায় অভিযান চালিয়ে জামাল, নুরে আলম ও মজনুকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতয়ালি ও ধোবাউড়া থানায় মামলা হয়েছে বলে র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৯ ঘ.
bdnews24