রংপুর, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ছাত্র শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে রংপুর পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে রংপুর সার্কিট হাউজের পেছনে একটি বাড়িতে গোপন বৈঠকের সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার উপপরিদর্শক রাশিদুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র আব্দুল বারী এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মাহফুজার রহমান।
বৈঠকে নাশকতার পরিকল্পনা হচ্ছিলো বলে পুলিশ দাবি করছে।
পুলিশ কর্মকর্তা রাশেদুল সাংবাদিকদের বলেন, "শিবিরের গোপন বৈঠকের সময় পুলিশ দুপুর ১টার দিকে সেখানে অভিযান চালায়। ওই সময় কয়েকজন দেওয়াল টপকে পালিয়ে গেলেও দুজন ধরা পড়ে।"
ওই বাড়ির বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে বিপুল সংখ্যক জিহাদি পুস্তিকা, সিডি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
বাড়ির মালিক মোহাম্মদ শফি জানিয়েছেন, ২০ দিন আগে কয়েকজন যুবক তার ওই বাসা ভাড়া নেয়।
গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে কোতোয়ালি থানার ওসি আব্দুর রশীদ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০০ ঘ.
bdnews24